ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ ধর্ম ]

প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৩, ১১ অক্টোবর ২০২৬
প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে নিবন্ধন করেন ২ হাজার ৫৮০ জন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আগে আট বিভাগের নির্বাচিত ৪৮ জন বিজয়ীকে ঢাকায় সাত দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯১০ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৫৪৩ জন, সিলেটে ২৫০ জন, রাজশাহীতে ১৯৬ জন, ময়মনসিংহে ১৮৭ জন, খুলনায় ১৭৯ জন, রংপুরে ১৬৭ জন এবং বরিশালে ১৪৮ জন নিবন্ধন করেন।

ঢাকায় মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট কামিল মাদরাসা, চট্টগ্রামে নেছারিয়া কামিল (এমএ) মাদরাসা, খুলনায় মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং রাজশাহীতে মদীনাতুল উলুম কামিল মাদরাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া সিলেটে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, বরিশালে কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং ময়মনসিংহে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষা নেওয়া হয়।

বিজয়ীদের জন্য ১৬ লাখ ২০ হাজার টাকার পুরস্কার

প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতায় জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের জন্য মোট ১৬ লাখ ২০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রেখেছে ইসলামিক ফাউন্ডেশন।

এর মধ্যে জাতীয় পর্যায়ে দুটি গ্রুপে ছয়জন বিজয়ীকে মোট ৯ লাখ টাকা দেওয়া হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, প্রথম রানার্সআপ দেড় লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ১ লাখ টাকা।

বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

অন্যদিকে, বিভাগীয় পর্যায়ে আট বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন বিজয়ীর জন্য মোট ৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিভাগীয় পর্যায়ের বিজয়ীরাও নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!