ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সৌদিতে হুথিদের হামলা, যুদ্ধে জড়ানোর ইঙ্গিত ট্রাম্পের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬, ১১ অক্টোবর ২০২৬
সৌদিতে হুথিদের হামলা, যুদ্ধে জড়ানোর ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় জয়েন্ট বেস অ্যান্ড্রুসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে তার।

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা যা করেছে, তা অত্যন্ত খারাপ।

হামলার জবাবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে অংশ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা হয়তো এতে যুক্ত হতে পারি। বিষয়টি খতিয়ে দেখব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্র পেয়েছি। সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় পদক্ষেপও দ্রুত নেওয়া হবে।’

এদিকে, হামলায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরব ও দেশটির জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে হামলায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে ঘটনাটিকে উল্লেখ করা হয়েছে।

হামলার পর সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জোটটির অভিযোগ, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বিমানবন্দরে হামলা চালিয়েছে। ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

একটি কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইয়েমেনের রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে গত জুলাইয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর থেকে সৌদি ভূখণ্ডে হামলা বৃদ্ধির অভিযোগ উঠেছে গোষ্ঠীটির বিরুদ্ধে।

সর্বশেষ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!