ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

হাতিমে কাবায় নামাজ পড়ার নতুন সময় নির্ধারণ

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ১৫ নভেম্বর ২০২৪
হাতিমে কাবায় নামাজ পড়ার নতুন সময় নির্ধারণ
ছবি: অন্তর্জাল

পবিত্র কাবা শরিফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত তথা কাঁধ সমান উঁচু অর্ধ চাঁদের ন্যায় গোলাকার স্থানকে হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয়। এটা কাবার মূল অংশে ছিল।

হাতিমে কাবায় নামাজ পড়া কাবা শরিফের ভেতরে নামাজ পড়ার সমান। সম্প্রতি সেখানে নামাজ পড়ার সময় নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার।

হারামাইন শরিফাইনের সংবাদদাতা ইনসাইড দ্য হারাইমাইন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার (১১ নভেম্বর) জানায়, হাতিমে কাবায় পুরুষরা নামাজ পড়তে পারবেন সকাল ৮টা থেকে ১১টায় এবং নারীরা নামাজ পড়তে পারবেন রাত ৮টা থেকে ২টা পর্যন্ত।

Advertisement

প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ১০ মিনিট সময় পাবেন। এর আগে নারীদের নামাজের সময় রাত ১০টা থেকে ১টা পর্যন্ত নির্ধারিত ছিল।

হাতিমে কাবায় নামাজ আদায়ের রয়েছে বিশেষ ফজিলত। তাই নারী-পুরুষ সবাই সেখানে নফল নামাজ আদায়ের জন্য ভিড় করেন। এ স্থানের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন।

হজরত ইব্রাহিম (আ.) যখন কাবা শরিফ নির্মাণ করেন, তখন হাতিম সহকারে কাবা নির্মাণ করেন। তাই তাওয়াফের সময় হাতিমের এই অংশ সহকারে তাওয়াফ করতে হয়।

যেহেতু এখানে নামাজ আদায় ফজিলতপূর্ণ আমল, তাই এখানে সবসময় ভিড় থাকে। ফলে নানা বিশৃঙ্খলা দেখা দেয়। তাই হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ করে দেয় সৌদি সরকার।

হাতিমের অপর নাম হিজরে ইসমাইল। হজরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমার ইচ্ছা হত যে আমি কাবায় প্রবেশ করি ও নামাজ পড়ি। রাসূলুল্লাহ (সা.) আমাকে ধরে হিজরের (হাতিম) মধ্যে প্রবেশ করান আর বলেন, ‘তুমি যদি কাবা শরিফে প্রবেশ করার ইচ্ছা কর তবে এখানে ‘হিজরে’ নামাজ পড়। কেননা সেটি কাবা শরিফের অংশ। তোমার গোত্র (কোরাইশরা) যখন কাবা নির্মাণ করে তখন তা বাদ দিয়ে দেয়’।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!