বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার (১২ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৫টায় মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে সময়সূচিতে পরিবর্তন এনে শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানসহ বিপুলসংখ্যক প্রতিষ্ঠান মেলায় তাদের বই প্রদর্শন ও বিক্রি করবে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন বই পাওয়া যাবে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইয়েরও বিশেষ আয়োজন থাকছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ বইমেলার মাধ্যমে মানুষের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।