সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে দুই দিনব্যাপী বিশেষ এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সংগঠনটি তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী দুই দিন দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
ছাত্রদলের নেতারা জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য। কর্মসূচির দুই দিনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন।