ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর ছোবল ঠেকাতে বরগুনায় সাংবাদিকদের সচেতনতা সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বরগুনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ'র সঞ্চালনায় সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, সোহেল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ আলীসহ প্রেস ক্লাবের সদস্যরা বক্তব্য দেন।

Advertisement

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন শুধু বর্ষাকালীন একটি রোগ নয়, বরং এডিস মশার বিস্তার রোধে বছরজুড়েই কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে বরগুনার বিভিন্ন বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

বক্তারা আরও বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে এসব স্থানে এডিস মশার লার্ভা জন্ম নিয়ে দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বরগুনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জনসচেতনতামূলক প্রচার জোরদার এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!