ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

নারী-শিশু নির্যাতন বন্ধে মহিলা দল কাজ করবে: রিজভী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৬
নারী-শিশু নির্যাতন বন্ধে মহিলা দল কাজ করবে: রিজভী
ছবি: সংগৃহীত

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দূর করতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এসব কথা বলেন।

Advertisement

রিজভী বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য নন। পুরুষদের পাশাপাশি নারীরাও রাষ্ট্র পরিচালনায় সমান দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

বিএনপির এই নেতা দলের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে অবহিত করার আহ্বান জানান। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তার ভাষায়, এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবাই সরাসরি সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে তাদের প্রতিনিধিরাই বিভিন্ন পর্যায়ে এমপি-মন্ত্রী হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। তাই নারীরাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেন তিনি।

অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান রিজভী।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!