চাষের মাছে সয়লাব, হারিয়ে যাচ্ছে দেশি স্বাদ
একসময় দেশের গ্রামগঞ্জে পৌষ-মাঘ মাসে পুকুর, খাল, ডোবা ও ঘেরের পানি কমতে থাকলে দেশি মাছ ধরার ধুম পড়ে যেত। আর বর্ষা মৌসুমে ধানের জমিতে কইয়া জাল, বড়শি ও চাই পেতে মাছ ধরার রীতিও ছিল বেশ জনপ্রিয়। দেশি বিভিন্ন প্রজাতির মাছে সয়লাব হয়ে যেত গ্রামগঞ্জের হাটবাজার। কিন্তু সময়ের পরিক্রমায় অনেক এলাকা থেকেই সেই চেনা দৃশ্য হারিয়ে গেছে। যারা একসময় পুকুর, খাল-বিল, ডোবা ও নালায় মাছ ধরে পরিবারের আমিষের চাহিদা পূরণ করতেন, তাদের অনেকেই এখন বাধ্য হয়ে বাজার থেকে কিনে খাচ্ছেন চাষের মাছ। ক্রমশ দেশীয় মাছের এই দুষ্প্রাপ্যতার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তারা বলছেন, জলবায়ুর প্রভাব, প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ ব্যবহার, ফসলি জমিতে অপরিকল্পিত কীটনাশক প্রয়োগ, জলাশয় দূষণ, নদনদীর নব্যতা হ্রাস, উজানে বাঁধ নির্মাণ, নদীসংশ্লিষ্ট খাল-বিলের গভীরতা কমে যাওয়া, ডোবা ও জলাশয় ভরাট করা, মা মাছের আবাসস্থলের মারাত্মক সংকট, ডিম ছাড়ার আগেই মা মাছ শিকার করা, ডোবা-নালা-পুকুর ছেঁকে মাছ ধরা, বিদেশি রাক্ষুসে মাছের চাষ এবং মাছের প্রজননে বিঘ্ন ঘটানোর কারণেই দেশি প্রজাতির মাছ আজ বিলুপ্তির মুখে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই দশক আগে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় আড়াইশ প্রজাতির মিঠাপানির মাছ পাওয়া যেত। অথচ দেশের হাটবাজার, পুকুর, খাল কিংবা বিল—কোথাও এখন আর মিঠাপানির সুস্বাদু সেসব মাছ আগের মতো পাওয়া যায় না। দেশি মাছের জায়গা দখল করে নিয়েছে চাষের পাঙ্গাস, তেলাপিয়া, বিভিন্ন ক্রস জাত ও কার্পজাতীয় মাছ।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় জেলেদের জালে কৈ, মাগুর, শিং, পাবদা, টেংরা, পুঁটি, ডারকা, মলা, ঢেলা, চেলা, শাল চোপরা, শৌল, বোয়াল, আইড়, ভ্যাদা, বুড়াল, বাইম, খলিসা, ফলি, চিংড়ি, মালান্দা, খরকাটি, গজার, শবেদা, চেং, টাকি, চিতল, গতা, পোয়া, বালিয়া, উপর চকুয়া, কাকিলা, গুত্তুম ও বৌরানীসহ হরেক রকমের দেশি মাছ ধরা পড়ত। কিন্তু কৃষি ও চাষাবাদ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিরতরে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। একই সঙ্গে অনিয়ন্ত্রিত পোনা আহরণ, নেটজাল ও মশারি জালের ব্যবহার, প্রাকৃতিক বিপর্যয়, কারেন্ট জালের অবৈধ প্রয়োগ, ফসলি জমিতে অপরিকল্পিত কীটনাশকের ব্যবহার, জলাশয় দূষণ, নদনদীর নব্যতা হ্রাস, উজানে বাঁধ নির্মাণ, নদীসংশ্লিষ্ট খাল-বিলের গভীরতা হ্রাস, ডোবা ও জলাশয় ভরাট, মা মাছের আবাসস্থলের অভাব এবং ডিম ছাড়ার আগেই মা মাছ ধরে ফেলার মতো নেতিবাচক কারণে দেশি প্রজাতির মাছগুলো আজ বিলুপ্তির পথে।
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার জানান, ‘স্থানীয় মৌকরণ বাজারটি অত্র অঞ্চলের একটি বিখ্যাত ও জমজমাট হাট হিসেবে পরিচিত। দূরদূরান্ত থেকে লোকজন হাটের দিন—রোববার ও বুধবারে এখানে কেনাকাটা করতে আসে। একসময় হাটের দিনগুলোতে দেশি প্রজাতির প্রচুর মাছ উঠত। এখন আর সেসব মাছের দেখা মেলে না। বাজার ভরা থাকে চাষের পাঙ্গাস আর তেলাপিয়ায়। তবে মাঝে-মধ্যে মৌসুম অনুযায়ী কিছু জাটকাও উঠতে দেখা যায়।’ দেশি মাছ কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে তিনি ইরি ধান ও অন্যান্য সবজিতে রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারকে দায়ী করেছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জেলে রশিদ সিকদার আক্ষেপ করে বলেন, ‘আগে নদীর জালে দেশি বোয়াল, আইড়, চিতলসহ কত রকমের মাছ ধরা পড়ত। সারাদিন জাল টেনে যা পেতাম, তা দিয়ে সংসার বেশ ভালোই চলে যেত। এখন নদীতে ঠিকমতো পানি থাকে না, আর যেটুকু থাকে তাতে জাল ফেললে মাছের বদলে শুধু পলিথিন ও ময়লা-আবর্জনা ওঠে। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে যে মাছগুলো পাওয়া যায়, তা বিক্রি করে ইঞ্জিনচালিত নৌকার জ্বালানি তেল বা জালের খরচই ওঠে না।’
ঝালকাঠির নলছিটি বাজারের ক্রেতা শাহজালাল হোসাইন মুঠোফোনে কথা বলার সময় আক্ষেপ করে জানান, ‘ছোটবেলায় বর্ষার মৌসুমে বাড়ির পাশের খাল বা ফসলের মাঠে হাত বাড়ালেই শোল, টাকি, কৈ কিংবা পুঁটি মাছ অনায়াসেই মিলত। কিন্তু এখন বাজারে দেশি মাছের ধারেকাছেও যাওয়া যায় না। থলে ভরে কিনতে হয় চাষের পাঙাশ বা তেলাপিয়া। যেসব দেশি মাছ কদাচিৎ পাওয়া যায়, সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।’
৭০ বছর বয়সী মোতালেব মাতব্বর বলেন, ‘বরিশাল বাকেরগঞ্জে আমার বাড়ি। বর্তমানে ছেলের সাথে ফার্মগেটে থাকি। ১৫-১৬ বছর আগেও আমাদের এলাকায় কিনে মাছ খাওয়ার তেমন রেওয়াজ ছিল না। কেনার মধ্যে শুধু ইলিশ মাছ কেনার কথাই মনে পড়ে। যখনই মাছের প্রয়োজন হতো, সবাই বাড়ির সামনের খাল বা নদীতে চলে যেত। সেসময় খাল ও পুকুরে এত মাছ ছিল যে, পানিতে নেমে খালি হাতেও মাছ ধরা যেত।’
এ বিষয়ে পানি সম্পদ ও মৎস্য বিশেষজ্ঞ ড. মো. আনিসুজ্জামান বলেন, দেশীয় মাছের বৈচিত্র্য আজ মারাত্মক অস্তিত্ব সংকটের মুখে পড়েছে, যার প্রধান কারণ মানবসৃষ্ট হস্তক্ষেপ। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদী খননের অভাব ও জলাশয় ভরাটের কারণে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস হচ্ছে। পাশাপাশি কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে বর্ষার পানিতে ছোট দেশীয় মাছ ও জলজ প্রাণী মারা যাচ্ছে। এছাড়া নিষিদ্ধ কারেন্ট ও ঘের জালের অনিয়ন্ত্রিত ব্যবহারে ডিমওয়ালা মা মাছ ও রেণু নির্বিচারে ধ্বংস হচ্ছে।
এই পরিস্থিতি উত্তরণে কয়েকটি জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী ও জলাশয়ের নাব্য ফিরিয়ে আনা; প্রজনন মৌসুমে নির্দিষ্ট এলাকায় মাছ শিকার কঠোরভাবে নিষিদ্ধ ও বাস্তবায়ন করা; রাসায়নিক কীটনাশকের বদলে পরিবেশবান্ধব ও জৈব কৃষিপদ্ধতি জনপ্রিয় করা; হ্যাচারিতে কৃত্রিম প্রজনন প্রযুক্তি বাড়িয়ে নদী-নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করতে হবে। এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের ঐতিহ্যবাহী স্বাদ ও পুষ্টি থেকে বঞ্চিত হবে বলে মনে করেন তিনি।
মৎস্য অধিদপ্তরের ড. মো. খালেদ কনক বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে মনিটর করছি। বিভিন্ন কারণেই দেশি প্রজাতির মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। যে মাছগুলো হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে, সেগুলোর মধ্যে অনেক প্রজাতির মাছ রক্ষায় নিবিড় গবেষণা চলছে। পাবদা, টেংরা, বোয়াল ও আইড় মাছ এখন সফলভাবে চাষ হচ্ছে। পাঙ্গাসের চাষ হচ্ছে আরও আগে থেকেই। বর্তমানে কৈ মাছেরও কৃত্রিম চাষ হচ্ছে। এ বিষয়ে আরও গবেষণা পরিচালিত হবে। দেশি প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তর প্রতিবছরই মৎস্য মেলার আয়োজন করে আসছে। একই কর্মসূচি জেলা ও উপজেলা পর্যায়েও সফলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘মিঠাপানির মাছের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং খাল-বিল, নদীনালা ও অন্যান্য জলাশয়কে মৎস্য উৎপাদনের সঠিক আওতায় আনার বিষয়ে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য খাতের টেকসই উন্নয়নে দূষণমুক্ত জলাশয় ও নদনদী রক্ষা এবং নদীর নব্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি, উৎপাদনের সাথে সাথে মৎস্যপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি মৎস্য খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করতে হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত খামার পরিদর্শন ও কার্যক্রম নিবিড়ভাবে তদারক করতে হবে। এতে আমাদের দেশের মৎস্য খাত আরও বহুদদূর এগিয়ে যাবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।’