ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

পিএসআর ছাড়াই মিলছে ৪৫ ধরনের সেবা, কার্যকর হচ্ছে না কর আদায়ের উদ্যোগ

মো. শাহজাহান মো. শাহজাহান
প্রকাশিত: ১২:৩৬, ১১ নভেম্বর ২০২৬
পিএসআর ছাড়াই মিলছে ৪৫ ধরনের সেবা, কার্যকর হচ্ছে না কর আদায়ের উদ্যোগ
করজাল সম্প্রসারণে বাধা পিএসআর

দেশের ৪৫ ধরনের নাগরিক ও বাণিজ্যিক সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা প্রুফ অব সাবমিশন অব রিটার্ন (পিএসআর) দাখিল বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অধিকাংশ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়ম মানছে না। পিএসআর যাচাই ছাড়াই গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। ফলে করজালের আওতা বাড়ানো এবং প্রকৃত করদাতার সংখ্যা বৃদ্ধির যে লক্ষ্য নিয়ে এ ব্যবস্থা চালু করা হয়েছিল, তা প্রত্যাশিত ফল দিচ্ছে না। এ পরিস্থিতিতে পিএসআর দাখিল নিশ্চিত করতে তদারকি জোরদার এবং আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একসময় নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছিল। এতে টিআইএনধারীর সংখ্যা দ্রুত বাড়লেও প্রকৃত করদাতা বা রিটার্ন দাখিলকারীর সংখ্যা সেই অনুপাতে বাড়েনি। অনেকেই কেবল সাময়িক প্রয়োজনে টিআইএন গ্রহণ করতেন। পরে আর রিটার্ন জমা দিতেন না। এই পরিস্থিতি পরিবর্তনে সরকার নির্দিষ্ট সেবা গ্রহণের শর্ত হিসেবে পিএসআর দাখিল বাধ্যতামূলক করে। তবে আইন থাকলেও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর যথাযথ তদারকির অভাবে এ উদ্যোগও প্রত্যাশিত সাফল্য পায়নি।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১৮৪এ ধারায় প্রথমে ৩৮ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে পিএসআর বাধ্যতামূলক করা হয়। ২০২২-২৩ অর্থবছরে এটি কার্যকর হয়। পরে আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারায় এ বাধ্যবাধকতা বহাল রাখা হয়। বিভিন্ন সময়ে নতুন সেবা যুক্ত হওয়ায় বর্তমানে তালিকায় প্রায় ৪৫ ধরনের সেবা রয়েছে।

এসব সেবার মধ্যে রয়েছে আমদানির ঋণপত্র খোলা, বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন, মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক লেনদেনের কমিশন গ্রহণ, ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য বা সেবা বিক্রি, স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ড্রাগ, ফায়ার, পরিবেশ ও বিএসটিআই লাইসেন্স গ্রহণ, গ্যাস সংযোগ, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ, কনসালট্যান্সি ও ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং মোটরযানের নিবন্ধন ও ফিটনেস নবায়ন।

২০২৪-২৫ অর্থবছরে তালিকায় আরও কিছু সেবা যুক্ত হয়। এর মধ্যে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, মোটেল, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স গ্রহণ ও নবায়ন। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকায় কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের সেবা গ্রহণও এ বাধ্যবাধকতার আওতায় আসে।

আইন অনুযায়ী, নির্ধারিত সেবা দেওয়ার আগে গ্রাহকের পিএসআর যাচাই ও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারার উপধারা (৭) অনুযায়ী, পিএসআর যাচাই না করে সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনধিক ১০ লাখ টাকা জরিমানা করা যেতে পারে। কিন্তু এত কঠোর বিধান থাকার পরও ব্যাংক, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, বিভিন্ন সেবাদাতা সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বড় অংশ নিয়মটি যথাযথভাবে অনুসরণ করছে না।

এনবিআর সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা ছিল প্রায় ২২ লাখ ৯ হাজার। ২০২০-২১ অর্থবছরে তা ২৪ লাখ ছাড়ায়। ২০২১-২২ অর্থবছরে রিটার্ন দাখিলের সংখ্যা দাঁড়ায় ২৫ লাখ ৯০ হাজারের বেশি। পিএসআর ব্যবস্থা চালুর প্রথম অর্থবছর ২০২২-২৩ সালে তা বেড়ে ৩৫ লাখ ২৯ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তী বছরগুলোতে ই-রিটার্ন ব্যবস্থা চালু হওয়ায় অনলাইনে রিটার্ন দাখিলের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ৩১ লাখ ছাড়িয়ে গেলেও রিটার্ন দাখিলকারীর সংখ্যা এখনও তার তুলনায় অনেক কম।

এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, করজালের আওতা সম্প্রসারণ ও রাজস্ব আদায় বাড়ানোই এখন প্রধান লক্ষ্য। এ জন্য তিনি কর্মকর্তাদের সততা ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। এর আগে এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, পিএসআর দাখিলের বিষয়ে আগে তেমন তদারকি ছিল না। এখন তা নিশ্চিত করা হবে।

এনবিআর ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলো পিএসআর যাচাই করছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের জন্য কর অঞ্চলগুলোকে বলা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানার বিধান প্রয়োগের বিষয়েও কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ রয়েছে।

কর বিশেষজ্ঞ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রিপন হোসেন বলেন, পিএসআর ব্যবস্থা করদাতার সংখ্যা বাড়ানোর কার্যকর হাতিয়ার হতে পারে। তবে বাস্তবায়নে দুর্বলতা থাকলে তা ফলপ্রসূ হবে না। সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।

অর্থনীতিবিদ ও সাবেক কর কর্মকর্তা ড. জাহিদ হোসেন মনে করেন, শুধু বাধ্যবাধকতা আরোপ করলেই হবে না। করদাতাদের জন্য সহজ সেবা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং ই-রিটার্ন ব্যবস্থার আরও উন্নয়ন জরুরি।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ ড. মুস্তাফিজুর রহমান বলেন, দেশে আইন তৈরির অভাব নেই, অভাব রয়েছে বাস্তবায়নের। ই-টিআইএনধারীর সংখ্যা প্রায় এক কোটি ছাড়ালেও রিটার্ন জমা পড়ছে তার তুলনায় অনেক কম। পিএসআর ছিল করজাল সম্প্রসারণের একটি কার্যকর আইনি উদ্যোগ। কিন্তু সেবাদানকারী সংস্থাগুলো যদি পিএসআর না চেয়েই সেবা দিতে থাকে, তাহলে এ আইনের উদ্দেশ্য ব্যর্থ হবে। রাজস্ব আদায় বাড়াতে এনবিআরকে ডিজিটাল অটোমেশন ও সিস্টেম ইন্টিগ্রেশনের দিকে যেতে হবে, যাতে সেবা গ্রহণের সময় স্বয়ংক্রিয়ভাবে পিএসআর যাচাই করা যায়।

বিশেষজ্ঞদের মতে, প্রত্যক্ষ কর বাড়াতে পিএসআর নীতি কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু আইন করে দায়িত্ব শেষ করলে চলবে না। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এনবিআরের ব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে পিএসআর যাচাই সহজ হবে। এতে কর ফাঁকি কমানো এবং কর-জিডিপি অনুপাত বাড়ানোর পথ তৈরি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!