দিল্লিতে বাংলাদেশ ক্রিকেট দল
তিনটি টি-২০ ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছেছে। বুধবার রাত ৮ টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লিতে পৌঁছায়।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে পৌঁছে টিম বাংলাদেশ আইসিটি মউরিয়া হোটেলে উঠেছে।
এবারের সফর নিয়ে অনেক আশা-প্রত্যাশা সমর্থকদের। অবশ্য গত কিছুদিনের ঘটনায় আনন্দের বদলে উল্টো বিষাদের সুর দেশের ক্রিকেট আকাশে। সবচেয়ে বড় আঘাত এসেছে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায়। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগারদের চোখেমুখে ছিল বিষাদের ছাপ।
.png)
এদিকে স্ত্রী সন্তানপ্রসবা হওয়ায় তামিম ইকবালের ছুটি ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দ্বিতীয়বার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।
৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৭ নভেম্বর রাজকোটে ও ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।