ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেলফি তুলতে কাকাকে হলুদ কার্ড দেখালেন নারী রেফারি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ১ নভেম্বর ২০১৯
সেলফি তুলতে কাকাকে হলুদ কার্ড দেখালেন নারী রেফারি!
ছবি: সংগৃহীত

স্মরণকালের মধ্যে এমন ঘটনা দেখেননি কেউই। ফুটবল মাঠে কত কঠিন পরিস্থিতির সামনেই না পড়তে হয়েছে ব্রাজিলীয় ফুটবলার কাকাকে! ইসরায়েলের মাঠে গিয়ে খেলতে নেমে যা হল, তা আগে কোনো দিনই হয়নি তার সঙ্গে।   

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকার সঙ্গে ইসরায়েলের সাবেক ফুটবলারদের একটা প্রীতি ম্যাচ ছিল মঙ্গলবার। খেলা চলাকালীন নারী রেফারি লিলাখ সুদর্শন কাকাকে হলুদ কার্ড দেখিয়ে বসেন। তার পরে আক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে সেলফি তোলেন ম্যাচ রেফারি।

Advertisement

কাকা, রিভাল্ডো, কাফু, এমারসন, রোনাল্ডিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা খেলতে এসেছিলেন ইসরায়েলে। খেলা তখন প্রায় ৫১ মিনিট। মাঝমাঠের কাছে কাকার পায়ে বল পড়তেই রেফারি দৌড়ে এগিয়ে এসে বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন।

রেফারি কেন খেলা থামিয়ে দিলেন, তা প্রথমটায় বুঝতেই পারেননি কাকা-সহ বাকিরা। তার পরে সবাইকে অবাক করে দিয়ে রেফারি লিলাখ হলুদ কার্ড দেখিয়ে দেন কাকাকে। ইসরায়েলের ফুটবলাররাও তা দেখে বিস্মিত হয়ে যান। ফুটবলার জীবনে ঝামেলার মধ্যে বিশেষ যেতেন না ব্রাজিলীয় তারকা। পরিচ্ছন্ন ফুটবলই খেলতেন। সেই কাকাকেই কি না দেখানো হল হলুদ কার্ড!

এর পরেই সেই নারী রেফারি পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকার সঙ্গে সেলফি তোলেন। হাসতে শুরু করে দেন কাকা। রেফারির মুখেও খেলা করছিল স্মিত হাসি। কাকার সতীর্থরা এগিয়ে এসে রেফারির সঙ্গে হাত মেলান। 

শেষ পর্যন্ত ম্যাচে ব্রাজিল ৪-২ গোলে হারায় ইসরায়েলকে। বিশ্বসেরা সব ব্রাজিলীয় তারকাদের ম্যাজিকের থেকেও কাকার হলুদ কার্ড দেখা নিয়েই আলোচনা হয়েছে বেশি। সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়েছে কাকার হলুদ কার্ড দেখার ঘটনাটি। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!