বলের ওজন বাড়ানোর পরামর্শ দিলেন শেন ওয়ার্ন
মরণঘাতী করোনাভাইরাসের কারণে ক্রিকেটের অনেক নিয়মে আসছে পরিবর্তন। সুইংএর জন্য ক্রিকেট বলে থুথু বা ঘাম ব্যবহার করাটা ঝুঁকিপূর্ণ হবে। তাই পরবর্তী সময়ে বলে থুথু বা ঘাম না লাগালে বোলারদের জন্য বড় সমস্যা হবে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বিভিন্ন মত দিচ্ছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন মনে করেন, সুইং করানোর জন্য বলের একটা দিকের ওজন বাড়িয়ে দেয়া যেতে পারে।
কেউ বলছেন বল-বিকৃতির অনুমতি দেয়া হোক। আবার সম্প্রতি ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী নামকরা প্রতিষ্ঠান কোকাবুরা আশার বানী শুনাচ্ছে। তারা বলছে, এক ধরনের মোমের প্রলেপ বাজারে আনা হবে। যাতে থুতু বা ঘাম ব্যবহার না করে মোমের প্রলেপটি বলে ব্যবহার করা যাবে।
কিন্তু এসবের সাথে একমত নন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। তিনি বলেন, ‘সুইং করানোর জন্য বলের একটা দিকের ওজন বাড়িয়ে দেয়া যেতে পারে। তা হলে বল সুইং করায় সমস্যা থাকবে না। ব্যাপারটা অনেকটা টেনিস বলে টেপ জড়ানোর মতো হবে’।
.png)
ওয়ার্ন আরো বলেন, ‘আমি নিশ্চিত নই, ওয়াসিম আকরাম বা ওয়াকার ইউনিস যে রকম সুইং করাতেন, সেটা সবাই চাইবে কি না। তবে বলটার ওজন এক দিকে বেশি হলে পেসারদের সুবিধা হবে’।
এই পদ্ধতি অনুসরণ করলে বল-বিকৃতি বা অন্য কোন প্রলেপের প্রয়োজন হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়ার্ন, ‘আমি মনে করি, এটা ভাল উপায়। তবে বল-বিকৃতি বা প্রলেপ ব্যবহার করতে হবে না’।
এখন ক্রিকেট বলের ওজন বাধ্যতামূলকভাবে ১৫৫ থেকে ১৬৩ গ্রামের মধ্যে হয়। ওয়ার্নের প্রস্তাব গ্রহণ করা হলে, বলের ওজন কতটুকু বাড়ে সেটির দেখার বিষয়।