এল ক্লাসিকো মানে সব সময় উত্তেজনায় ঠাঁসা এক লড়াই। কিন্তু স্পেনের দুই জায়ান্ট কি আছে সেই আগের অবস্থানে? লা লিগার ২০২০/২১ মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে নেই রিয়াল বা বার্সা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে গত আসরের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশে ঠিকানা হয়েছে কাতালানদের।
কোচ রোনাল্ড কোম্যানের জন্য সুখবর হচ্ছে, ক্লাসিকোতে তিনি পেতে পারেন জর্দি আলবাকে। স্প্যানিশ ডিফেন্ডার চোটে পড়ায় তার জায়গায় ডাচ কোচ মাঠে নামিয়েছিলেন সের্জিনো দেস্তকে। লেফট -ব্যাক হিসেবে ডাচ ডিফেন্ডার কোম্যানকে নিরাশ করেননি। যার কারণে ঐতিহাসিক ক্লাসিকোতেও অভিষেক হয়ে যেতে পারে দেস্তের। হয়তো তাকে দেখা যেতে পারে সার্জিও রবার্তোর বিকল্প হিসেবে।
.png)
আক্রমণভাগে লিওনেল মেসি, ফিলিপ্পে কৌতিনহো ও আনসু ফাতির সঙ্গে আঁতোয়া গ্রিজম্যানকে রাখতে পারেন বার্সা কোচ। তবে কোম্যান তার স্কোয়াডে পাচ্ছেন না চোটে পড়া নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান ও স্যামুয়েল উমতিতিকে।
রিয়াল মাদ্রিদও লড়াই করছে চোটের সঙ্গে। বার্নাব্যুতে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে এডেন হ্যাজার্ডকে। ক্লাসিকোতেও বাইরে থাকছেন বেলজিয়ান ফরোয়ার্ড। সঙ্গে সেই তালিকায় যোগ হতে পারেন চোটে পড়া দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা ও মার্টিন ওদেগার্ড।
তবে কোচ জিনেদিন জিদানের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস। রক্ষণভাগে তার সঙ্গে রাইট-ব্যাক হিসেবে থাকতে পারেন নাচো ও লেফট-ব্যাকের দায়িত্বে দেখা যেতে পারে ফার্লাান্দ মেন্দিকে। আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গী হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামাতে পারেন জিজু।
মিডফিল্ডে সেই চিরচেনা লুকা মদ্রিচ, টনি ক্রুস, কাসেমিরো ও ফেডে ভালভার্দের ওপর আস্থা রাখবেন রিয়াল কোচ।
বার্সেলোনা সম্ভাব্য একাদশ:
নেতো, সের্জিনো দেস্ত, জেরার্ড পিকে, ক্লেমেন্ট ল্যাংলেট, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, ফ্রাঙ্কি ডি ইয়ং, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পি কৌতিনহো, আনসু ফাতি ও লিওনেল মেসি।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
থিবু কোর্তোয়া, নাচো, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, ফার্লান্দ মেন্দি, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।