কিকার ম্যাগাজিনের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন লেভানদোভস্কি। ৫৬৩ ভোটের মধ্যে ৩৫৬ ভোটই পেয়েছেন তারকা এই ফরোয়ার্ড। দ্বিতীয় স্থানে থাকা তারই সতীর্থ টমাস মুলার পেয়েছেন মাত্র ৪১ ভোট।
২০২০-২১ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন লেভানদোভস্কি। এছাড়া বায়ার্নের টানা নবম বুন্দেসলিগা শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। লিগে দলটির হয়ে করেছেন মোট ৪১ গোল। যার মাধ্যমে ভাঙেন কিংবদন্তি জার্ড মুলারের বুন্দেসলিগায় এক আসরে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড।
.png)
এমন পারফরম্যান্সই লেভানদোভস্কিকে এই সম্মাননা এনে দিয়েছে। ২০০৩ সালে মাইকেল বালাকের পর টানা দুই মৌসুমে সেরা হওয়া প্রথম ফুটবলার তিনি।
পুরস্কারটি জয়ের পর বায়ার্নের ওয়েবসাইটে নিজের অনুভূতি প্রকাশ করেন লেভানদোভস্কি। ৩২ বছর বয়সী এই ফুটবলার বলেন, আমি জানি, এটা কত বড় সম্মানের। আমার জন্য এটি দারুণ গৌরব ও আনন্দের উৎস। কারণ টানা দুইবার জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের ঘটনা খুব বেশি নেই।