ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঢাকায় কোয়ারেন্টাইন; যা করছেন স্টার্ক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ৩০ জুলাই ২০২১
ঢাকায় কোয়ারেন্টাইন; যা করছেন স্টার্ক
মিচেল স্টার্ক

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট মানেই কোয়ারেন্টাইন। এরপর দফায় দফায় করোনা পরীক্ষা, দর্শকহীন মাঠে খেলা। গত এক বছর ধরে চলমান এই প্রক্রিয়ায় ক্রিকেটাররা প্রায় অভ্যস্ত হয়ে গেছেন। কোয়ারেন্টাইনে কিভাবে অলস সময় কাটানো যায় তার নানা উপায় এখন ক্রিকেটারদের জানা। মিচেল স্টার্কও ব্যতিক্রম নন।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গতকাল ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজি বোলার মিচেল স্টার্কের কোয়ারেন্টাইনের সময়টা যে বেশ ভালো কাটছে তা বলে দেওয়াই যায়। কারণ তিনি যে এই সময়টা টোকিও অলিম্পিকে নিজের ভাই ব্র্যান্ডন স্টার্কের পারফরম্যান্স দেখেই কাটাচ্ছেন।

স্টার্কের ভাই ব্র্যান্ডন একজন অ্যাথলেট, তা কমবেশি সবারই জানা। আজ টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনে হাই জাম্পার ব্র্যান্ডন বাছাইপর্ব পার করেছেন। আগামী রোববারের ফাইনালের জন্য ১৩ জন অ্যাথলেটের ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

Advertisement

ঢাকায় বসে নিজের আইপ্যাডে ভাইয়ের পারফরম্যান্স দেখছিলেন স্টার্ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্র্যান্ডনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও সবাইকে হারিয়ে দাও!’

বাংলাদেশ সফরে এসে তিন দিন ‘রুম কোয়ারেন্টাইন’ করবে অস্ট্রেলিয়া দল। আজ কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিন। সব ঠিক থাকলে পরশুদিন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে দলটির ক্রিকেটাররা।

গতকাল জিম্বাবুয়ে থেকে সফল সিরিজ শেষে দেশে ফেরা বাংলাদেশ দলও একই করোনা নীতি মানছে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে সাকিবরাও পরশু থেকে প্রথম অনুশীলন করবেন। দুই দলই আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

আগামী ৩ আগস্ট পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!