অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে এখন পর্যন্ত অনুষ্ঠিত তিন ম্যাচে ব্যাট হাতে সাকিব করেছেন ৮৮ রান। অন্যদিকে বল হাতে উইকেটে পেয়েছেন তিনটি। এমন সাদামাটা পারফরম্যান্সের মাঝেই সংখ্যাগত দিক দিয়ে তিনি এমন কীর্তি গড়েছেন, যা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। মূল বিষয়টি হচ্ছে, সর্বশেষ দুই টি-২০তে সাকিবের পারফরম্যান্সে অবিশ্বাস্য মিল!
পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায়, প্রথম টি-২০তে ব্যাট হাতে তিনে নেমে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব। বল হাতে নেন ১ উইকেট। দ্বিতীয় টি-২০তে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ২৬ রান করেন তিনি। এরপর সিরিজ জয়ের তৃতীয় টি-২০তে এই অলরাউন্ডার করেন ২৬ রান। এ ম্যাচেও নিয়েছেন ১ উইকেট।
.png)
তাহলে মিলটা কোথায়?
পরিসংখ্যান বলছে, টি-২০তে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একদম একই রকম স্কোর গড়েছেন সাকিব! সেটা হলো ব্যাট হাতে ১৭ বলে ২৬ রান ও বোলিং ফিগার ৪-০-২২-১।
দ্বিতীয় টি-২০তে সাকিব ১৭ বলে ২৬ রান করেন। তৃতীয় টি-২০তেও সমান বলে একইরকম রান করেন তিনি। দুই বেলায়ই স্ট্রাইক রেট সমান ১৫২.৯৪। মজার বিষয়, দুই দিনের দুই ইনিংসে তার বাউন্ডারি সংখ্যাও সমান। দুই ইনিংসেই চার মেরেছেন ৪টি করে, হাঁকাননি কোনো ছক্কা। এমনকি দুই ম্যাচেই সাকিব ইনিংসের নবম ওভারে আউট হয়েছেন!
এ তো গেল ব্যাট হাতে পারফরম্যান্সের মিলের কথা। বল হাতেও একই কাণ্ড ঘটিয়েছেন সাকিব! দুই ম্যাচেই চার ওভার বল করে ৫.৫০ ইকোনমি রেটে সমান ২২টি করে রান দিয়েছেন তিনি। দুই ম্যাচে তার উইকেট নেয়ার সময়েও রয়েছে মিল।
বুধবার দ্বিতীয় টি-২০তে সাকিব তার চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে ময়জেস হেনরিকসকে বোল্ড করেন। পরের ম্যাচেও বেন ম্যাকডারমটকে ঠিক একইভাবে বোল্ড করেছেন সাকিব। এবারের বলটাও ছিল সাকিবের চতুর্থ ও শেষ ওভারের দ্বিতীয় বলে!
ইতিহাসে এমন অদ্ভুত মিল কেউ দেখেছেন কি?