ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুভেন্টাসে থাকছেন না রোনালদো, নিশ্চিত করলেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ২৭ আগস্ট ২০২১
জুভেন্টাসে থাকছেন না রোনালদো, নিশ্চিত করলেন কোচ
রোনালদোর সঙ্গে অ্যালেগ্রি

ক্রিস্টিয়ানো রোনালদো তার বর্তমান ক্লাব জুভেন্টাসে থাকতে চান না, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরেই। তবে এ বিষয়ে ক্লাব সংশ্লিষ্ট কেউই মুখ খুলছিলেন না। অবশেষে নীরবতা ভেঙেছেন কোচ ম্যাসিমিয়ানো অ্যালেগ্রি। জানিয়েছেন, রোনালদো আর জুভেন্টাসে থাকতে চান না। 

শুক্রবার অ্যালেগ্রি বলেন, গতকাল আমি যখন ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলেছিলাম, সে আমাকে জানিয়ে দেয় ওর জুভেন্টাসে থাকার কোনো ইচ্ছে নেই। সে যত দ্রুত সম্ভব ক্লাব থেকে চলে যেতে চায়। এ কারণে আজ সে দলের সঙ্গে নেই এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচেও থাকছে না। 

এদিকে এরই মধ্যে ক্লাব সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়েছেন রোনালদো। আজ ৪০ মিনিটের জন্য দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। তারপরই বেরিয়ে যান। এ বিষয়ে অ্যালেগ্রি বলেন, সে আজ সকালে সবার কাছে বিদায় নেয়ার জন্যই এসেছিলো।

Advertisement

জানা গেছে, ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে ক্লাবের কাছে আনুষ্ঠানিক চুক্তির আহবানের জন্য অপেক্ষা করছেন রোনালদো। এখন পর্যন্ত সিআর সেভেন ও ম্যানসিটির মাঝে সব কিছুই মৌখিকভাবে হয়েছে। এই তারকার এজেন্ট জর্জ মেন্ডেজের সঙ্গে সিটির কথা অনেকটাই পাকাপাকি হয়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

বিভিন্ন সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে ফোনে কথা বলেছেন রোনালদো। ইতালিতে আর থাকতে রাজি নন তিনি। ৩১ আগস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই নতুন দলে সই করতে চাইছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!