বিদায়ের আগে জুভেন্টাসের উদ্দেশ্যে রোনালদোর আবেগী বার্তা
সবাইকে চমকে দিয়ে জুভেন্টাস ছেড়ে চেনা রাজ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে সদ্য সাবেক হওয়া দল ও সমর্থকদের উদ্দেশ্যে আবেগী বার্তা দিয়েছেন সিআর সেভেন।
অনেক গুঞ্জনের অবসান ঘটিয়ে শনিবার জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোনালদো। রেড ডেভিলদের জার্সিতেই মহাতারকা হয়ে ওঠার পথে তার যাত্রা শুরু হয়েছিল।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে আলো ছড়িয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের সফলতম দলটিকে বিদায় বলে ২০১৮ সালে তিনি যোগ দিয়েছিলেন জুভেন্টাসে।
.png)
ক্লাব থেকে বিদায় নেয়ার আগে এক বিবৃতিতে রোনালদো বলেন, আজ আমি চমৎকার একটি ক্লাব থেকে বিদায় নিলাম। যা ইতালির সবচেয়ে বড় আর ইউরোপের বড় ক্লাবগুলোর একটি। জুভেন্টাসের জন্য আমি সামর্থ্যের সবটুকু দিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসব।
তিনি আরো লেখেন, জুভেন্টাস সমর্থকরা সবসময় আমাকে সম্মান করেছে। তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচে, মৌসুমে ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। পরিশেষে আমরা পেছন ফিরে তাকিয়ে অনুধাবন করতে পারি যে, আমরা অসাধারণ কিছু অর্জন করেছি। যা কিছু চেয়েছিলাম সবটা নয়। তবে সবাই মিলে দারুণ একটি গল্প লিখেছি।
ক্লাব ও ক্লাবের সমর্থকদের হৃদয়ে রাখার কথা জানিয়ে আবেগে আপ্লুত রোনালদো যোগ করেন, সবসময় আমি আপনাদের একজন হয়ে থাকব। এই ক্লাব এখন আমার ইতিহাসের একটা অধ্যায়। যেমনটা আমি নিজেকে এই দলের একজন মনে করি। ইতালি, জুভেন্টাস, জুভেন্টাসের সমর্থক- সবাই আমার হৃদয়ে থাকবে।