ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেই রোনালদো,ফের জুভেন্টাসের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২১
নেই রোনালদো,ফের জুভেন্টাসের হার
জুভেন্টাস দলের হার

দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর পর টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে জুভেন্টাস। এবার ইতালিয়ান জায়ান্টদের ২-১ গোলে পরাজিত করেছে নাপোলি। এনিয়ে এবারের সিরি-আ মৌসুমে তিন ম্যাচে এখনো জয়বিহীন পার করেছে জুভেন্টাস। আন্তর্জাতিক বিরতির আগে দ্বিতীয় ম্যাচে এম্পোলির কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল তুরিনের জায়ান্টরা।

দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে নাপোলি সেন্টার ব্যাক কালিডু কুলিবালি ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন। ম্যাচ শেষের পাঁচ মিনিটর আগে নাপোলির কর্ণার থেকে জুভেন্টাসের বদলী এ্যাটাকার মোয়েস কিনের হেড নিজেদের জালের দিকে যাবার সময় কুলিবালি সেটা নিজের গোলে পরিণত করেন। 

এর আগে আলভারো মোরাতার ১০ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী জুভেন্টাস। ৫৭ মিনিটে নাপোলির হয়ে সমতা ফেরান মাত্তেও পলিটানো।

Advertisement

ম্যাচ শেষে জুভেন্টাস অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি বলেছেন, ‘আমরা যেভাবে খেলছি তার থেকে নিজেদের পরিবর্তন করতে হবে। রোনালদোর মত একজন সুপারস্টার দলে থাকলে কেউ তার জন্য খেলে না, সে তার জায়গায় থেকে অন্যদের সহযোগিতা করে। গত কয়েক বছর রোনালদো দলের জন্য যা করেছে তার জন্য অবশ্যই তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু আমাদের তাকে ছাড়া সামনে এগিয়ে যাবার সময় এসেছে।

মৌসুমের শুরুতে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে একমাত্র পয়েন্ট সংগ্রহ করেছিল জুভেন্টাস। গত মৌসুমে টানা নবম লিগ শিরোপার যাত্রা আন্দ্রে পিরলোর হাতে শেষ হবার পর তার পরিবর্তে দলে নতুন কোচ হিসেবে নিয়োগ পান মাসিমিলিয়ানো আলেগ্রি। কিন্তু আলেগ্রির অধীনেও নিজেদের খুঁজে পাচ্ছেনা জুভরা। 

আন্তর্জাতিক বিরতির আগে তাই এম্পোলির কাছেও হার স্বীকার করতে হয়েছে। রোনালদোর ট্রান্সফারের একদিন পরেই এম্পোলির বিপক্ষে পরাজয় নিশ্চিত হয়। 

এখন আবার দ্বিতীয় পরাজয়ের দিনে রোনালদো ১২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জার্সি গায়ে কাল দুই গোল করেছেন।

কাল ম্যাচ শেষে আলেগ্রি বলেছেন, এম্পোলির বিপক্ষে আমরা সবচেয়ে বাজে খেলেছিলাম। কিন্তু আজ দূর্ভাগ্যবশত: নিজেদের ভুলের খেসারত দিতে হয়েছে। ফুটবলে জিততে না পারলে কথা বন্ধ করে কঠোর পরিশ্রমের দিকে মনোযোগী হতে হবে।

মঙ্গলবার সুইডেন সফরে মালমোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচের আগে অবশ্য জুভেন্টাস অনুশীলনের খুব একটা সময় হাতে পাচ্ছেনা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!