জেমি ডে অধ্যায়ের আপাত সমাপ্তি
জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে’কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার ফলে জাতীয় দলের সঙ্গে জেমি ডে অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটেছে।
সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব পেয়েছেন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ আগামী দুই মাস (১৭ নভেম্বর পর্যন্ত)।
এদিকে জেমি ডে’র বিদায় একেবারে নিশ্চিত হয়ে গেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ হবে পরে। গুঞ্জন আছে, অস্কার ব্রুজনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাফুফে।
.png)
১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে অস্কার ব্রুজনের যাত্রা শুরু হবে। তার আসল পরীক্ষাটা হবে সেখানেই।
এরপর ৮-১৭ নভেম্বর শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলংকা ও বাংলাদেশ। এই সফরে সত্যজিত দাশ রুপু বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।