আগামী ২৫ অক্টোবর আইপিএলের নতুন দুটি দল ঘোষণা করা হবে। এই দুই ফ্র্যাঞ্চাইজির মালিক হতে বাঘা বাঘা গ্রুপ ও প্রতিষ্ঠানের মাঝে প্রতিদ্বন্দ্বিতা চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবার এরই মধ্যে আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটির মালিক হতে আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া দৌড়ে আছে আদানি গ্রুপ, আরপি-সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের মত নামজাদারা। ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমানতালে টেক্কা দিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা ও অভিনেতা রনবীর, যারা বাস্তব জীবনে স্বামী-স্ত্রী।
.png)
আইপিএলে বলিউডের স্পর্শ নতুন কিছু নয়। বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক। সেই দলের সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী জুহি চাওলাও। আরেক প্রখ্যাত অভিনেত্রী প্রীতি জিনতা পাঞ্জাব কিংসের মালিক। তাই দীপিকা-রনবীর আইপিএলে দল পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
নতুন যে দুটি দল আসবে তাদের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা করছে ছয়টি শহর- গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লক্ষ্ণৌ ও ধর্মশালা। সবচেয়ে এগিয়ে আছে আহমেদাবাদ। ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য আগ্রহীরা ইতোমধ্যে ১০ লাখ রুপির ইনভাইটেশন টু টেন্ডার সংগ্রহ করেছেন। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।