ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাদ পড়লেও লিটন-সৌম্যের জন্য সুযোগ আছেই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ১৬ নভেম্বর ২০২১
বাদ পড়লেও লিটন-সৌম্যের জন্য সুযোগ আছেই
লিটন দাস ও সৌম্য সরকার

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটার বাদ পড়লেও তাদের জন্য সুযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ মৌসুমেই আয়োজিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এছাড়া জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ যথারীতি থাকছেই। সেখানে ভালো করলে আবারো লিটন-সৌম্যকে টি-২০ দলের জন্য বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এই দুই ব্যাটারকে ফেরার পথ দেখিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই সেখানে পারফর্ম করবে। কেউ তো নজরের বাইরে যাবে না।’

তিনি আরো বলেন, ‘যারা দলের বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে। একটা সিস্টেমে রাখতে হবে। জাতীয় দলের পর ‘এ’ দলের প্রোগ্রাম চলছে, এইচপি দল আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।’

সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ছিল সবচেয়ে কম সফল দল। এমন পারফরম্যান্সের পর উঠেছিল সমালোচনার ঝড়। নান্নু অবশ্য মনে করিয়ে দিলেন, ফর্ম হারানো ক্রিকেটারদের সমর্থন দেওয়া চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা প্রত্যাশা করিনি। আমাদের দল কিন্তু এতটা খারাপ ছিল না।’

নান্নু আরো বলেন, ‘আপনি বলতে পারবেন না দল খারাপ। সবাই কিন্তু এর আগে ঘরের মাঠে আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে, ভালো খেলেছে, রোমাঞ্চকর পারফর্ম করেছে। এই খেলোয়াড়দের অবশ্যই সমর্থন করতে হবে। বিশ্বকাপে খারাপ করেছে বলে একেবারে ফেলে দিব এরকম হতে পারে না।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!