‘ডি’ গ্রুপের ম্যাচে গতকাল রাতে ফিনল্যান্ডকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আগের রাউন্ডে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা ফরাসীরা অপরাজিত থেকেই বাছাই শেষ করল।
৮ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। তাদের কাছে হেরে কপাল পুড়েছে ফিনল্যান্ডের। একই সময়ে হওয়া আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে ইউক্রেন।
.png)
এতে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে ইউক্রেন। দলটির পয়েন্ট ১২, ফিনল্যান্ডের ১১। বসনিয়ার ৭, কাজাখস্তানের ৩ পয়েন্ট।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট পাবে। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে অফে ইউরোপ থেকে আরো তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
দুই দিন আগে কাজাখস্তানের বিপক্ষে ৮-০ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন এমবাপ্পে। বেনজেমা করেছিলেন দুটি। ফিনল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে রেখে নামে ফ্রান্স। তবে প্রথমার্ধে সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে কেবল একটি শট লক্ষ্যে রাখতে পারে নেশন্স লিগ চ্যাম্পিয়নরা।
৫৭তম মিনিটে দিয়াবিকে তুলে নিয়ে বেনজেমাকে নামান ফ্রান্স কোচ দেশম। পরের মিনিটেই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের একটি শট ঠেকান গোলরক্ষক। ৬৬তম মিনিটে মেলে সাফল্য। এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেয়া করে বেনজেমার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়।
১০ মিনিট পরই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন পিএসজির তারকা ফরোয়ার্ড। এতে জয়ের আনন্দে মাঠ ছাড়ে সফরকারীরা।