প্রথম টেস্টে ওপেনারদের ব্যর্থতায় সবার প্রত্যাশা যেখানে ছিল সদ্য সমাপ্ত জাতীয় লিগে ভালো করা কোনো ব্যাটারকে দলে দেখা যাবে। অথবা অভিজ্ঞদের মধ্যে কেউ দলে ফিরবেন। সেখানে টেস্ট দলে চমক হিসেবেই ডাক পেয়েছেন নাইম।
প্রথম শ্রেণির ক্রিকেটে নাইমের সবশেষ ম্যাচ ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সেই ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন তিনি। সবমিলিয়ে নাইমের প্রথম শ্রেণির ক্যারিয়ার মাত্র ছয় ম্যাচের। যেখানে ১১ বার ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ গড়ে ১৮৩ রান করতে পেরেছেন এ বাঁহাতি ওপেনার।
.png)
এমতাবস্থায় নাইমকে দলে অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে নান্নু বলেন, ‘আমরাও জানি নাইম লঙ্গার ভার্শন কম খেলে। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমাদের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের ফারাক অনেক। দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে নাইম। সে জাতীয় দলের সঙ্গে নিয়মিতই আছে।’
তিনি আরো যোগ করেন, ‘শুধু সীমিত ওভারের ক্রিকেট খেললেও নাইম নিয়মিত আন্তর্জাতিক পর্যায়ের অনুশীলন করে। অনুশীলনে নিয়মিতই বোলিং মেশিনে উচ্চগতির বিপক্ষে খেলছে, ঘরোয়া ক্রিকেটে এই সুবিধাটা নেই। তাই জাতীয় লিগের কোনো ব্যাটারকে হুট করেই শাহিন আফ্রিদি-হাসান আলিদের বিপক্ষে নামিয়ে দেওয়া সমীচীন মনে করিনি আমরা।’