প্যারিসে নিজেদের ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেসে রোববার রাতে ২-০ গোলে জিতেছে পিএসজি। লিগ ওয়ানে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। এর মাধ্যমে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল।
লিগ ওয়ানে সর্বশেষে দুই রাউন্ডে নিসের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর লেন্সের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে পিএসজি। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজকে উড়িয়ে দেয় তারা ৪-১ গোলে। ওই ম্যাচে দুটি করে গোল করেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
.png)
দ্বাদশ মিনিটে সফল স্পট কিক থেকে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। প্রতিপক্ষের ডি-বক্সে অ্যাঞ্জেল ডি মারিয়া ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। এরপর ৩০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির ফ্রি-কিক ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়।
বিরতির আগে মেসি-এমবাপ্পের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে আলগা বল পেয়ে এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে ফাঁকায় এমবাপ্পের দিকে বল বাড়ান আর্জেন্টাইন তারকা। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। ৬৪তম মিনিটে মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৮০তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন তিনি। দুরূহ কোণ থেকে ওয়ান-অন-ওয়ানে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। ব্যবধান তাই আর বাড়েনি।
লিগে ১৮ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। পিএসজির সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেন। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে নিস। ১৮ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মোনাকো।