বিপিএলে একই দলে সাকিব-রাসেল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েক মৌসুম একসঙ্গে খেলেছেন আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এই দুই তারকাকে কয়েক আসরে একসঙ্গে দেখা গেছে। আবারো তাদের একই দলের হয়ে খেলতে দেখা যাবে।
জানা গেছে, সাকিবের দল বরিশালের হয়ে এবারের বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেল। তার সঙ্গে এরই মধ্যে কথা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে পুরো আসরেই বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন টি-২০ ক্রিকেটের এই ফেরিওয়ালা।
এর আগে ২০১২ বিপিএলে খুলনার হয়ে খেলেছিলেন সাকিব ও রাসেল। এরপর ২০১৬ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন দুজন। তৃতীয়বার বিপিএলে জুটি বাঁধবেন তারা।
.png)
সবশেষ বিপিএলে রাজশাহীর হয়ে খেলেছিলেন রাসেল। যেখানে প্রথমবার নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দেন তিনি। এবারও ভালো কিছুর প্রত্যাশাতেই তাকে নিলামের আগেই দলে ভেড়ালো বরিশাল।
এদিকে রাসেলের পাশাপাশি ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংসের সঙ্গেও কথাবার্তা চূড়ান্ত করেছে বরিশাল। সবকিছু ঠিক থাকলে তাকেও বরিশালের জার্সিতে দেখা যেতে পারে। সম্ভাবনা আছে আফগান অলরাউন্ডার মুজিবেরও।
রাসেল এর আগে বিপিএলের বেশ কয়েকটি আসরে অংশ নিয়েছেন। ৪৪ ম্যাচে তার সংগ্রহ ৭৫১ রান। যেখানে গড় ৩৫ ও স্ট্রাইক রেট ১৬৫। বিলিংস অবশ্য এবারই প্রথম অংশ নেবেন। তাকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল চট্টগ্রামও। যদিও শেষপর্যন্ত নাম লিখিয়েছেন বরিশালে।