সম্প্রতি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আর কনমেবল একসঙ্গে মিলে কাজ করার ঘোষণা দিয়েছে। তার অংশ হিসেবেই এবার দক্ষিণ আমেরিকান দলগুলোকে ইউরোপের উয়েফা নেশন্স লিগে দেখা যাবে। ফলে মেসি-নেইমারের আর্জেন্টিনা-ব্রাজিলকে এবার নিয়মিতই ফ্রান্স-জার্মানির মতো দলগুলোর বিপক্ষে লড়তে দেখা যাবে।
উয়েফা সহ-সভাপতি জ্বিগনেভ বনইয়েক বিষয়টি জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, বছর দুয়েক আগে পথচলা শুরু করা এই টুর্নামেন্ট শিগগিরই দক্ষিণ আমেরিকার দশ দলকে নিয়ে নিজেদের পরিসর বাড়াবে।
.png)
তিনি আরও জানান, শেষ কয়েক দিনে প্রতি দুই বছরে এক বিশ্বকাপ আয়োজনের তোড়জোড় চালাচ্ছে ফিফা। আসছে সোমবারে এ নিয়ে আরো এক আলোচনায় বসবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। উয়েফা-কনমেবলের এই পদক্ষেপ ইউরোপীয় সংবাদ মাধ্যম সেটা ঠেকানোর একটা চেষ্টা হিসেবেই দেখছে।
বনইয়েক বলেন, ‘চলতি ফরম্যাটে এটাই উয়েফা নেশন্স লিগের শেষ আসর। কনমেবলের সঙ্গে আমরা একটা বৈঠকে বসেছিলাম। ২০২৪ এর পর থেকে সেই মহাদেশের দলগুলোও এই টুর্নামেন্টে যোগ দেবে।’
তবে লাতিন দলগুলো যোগ দিলে নেশন্স লিগ কী ফরম্যাটে খেলা হবে, সেটা এখনো ঠিক হয়নি। উয়েফা সহসভাপতি এ বিষয়ে বলেন, ‘কোন ফরম্যাটে এটা খেলা হবে তা এখনো চূড়ান্ত নয়। আমরা এখনো কাজ করে যাচ্ছি। জাতীয় দলগুলোর খেলার সূচি খুবই কাছাকাছি। যে কারণে আপনি খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না।’
জানা গেছে, প্রাথমিকভাবে ২০২৪ এর পর প্রথম আসরে দক্ষিণ আমেরিকান দলের সংখ্যা থাকবে ছয়টি, এমন ইঙ্গিত দিয়েছেন বনইয়েক। সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে প্রথম আসরে কলম্বিয়া, পেরু, চিলি, উরুগুয়ের মতো দলগুলোকে দেখা যেতে পারে।