রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যূতে রোববার রাতে লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। লিগে টানা সাত ও সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারাল মাদ্রিদের জায়ান্টরা।
পয়েন্ট তালিকার একেবারে তলানির দিকে থাকা কাদিজ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে মাঠে নামে। রিয়ালও পারেনি আক্রমণে ধারালো হতে। দুইয়ে মিলিয়েই এই ফল।
.png)
প্রথম ১৫ মিনিটে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল রিয়ালের। তবে সত্যিকার অর্থে প্রতিপক্ষকে তেমন ভোগাতে পারেনি স্বাগতিকরা। সপ্তদশ মিনিটে বেনজেমার নৈপুণ্যে একটা হাফ-চান্স তৈরি হয়। একজনকে কাটিয়ে বাঁ দিকের বাইলাইন থেকে তার গোলমুখে বাড়ানো বল গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি।
সেটি প্রথম দফায় ক্লিয়ার করতে পারেনি ডিফেন্ডাররাও। আলগা বলে দেরিতে ফেদেরিকো ভালভেরদের টোকা লক্ষ্যে থাকেনি। এরপর ২৩তম মিনিটে ভালভেরদের দূর থেকে নেয়া জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক জেরেমিয়াস লেদেসমা।
প্রথমার্ধের বাকি সময়েও একইভাবে খেলে রিয়াল। তবে তাদের আক্রমণে ছিল না ধার, ফলে আর কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা। বিরতির পরও কাদিজের কৌশলে পরিবর্তন আসেনি। এমতাবস্থায় তাদের ডি-বক্সে তেমন ঢুকতেই পারছিল না বেনজেমা-ভিনিসিউসরা।
৫৬তম মিনিটে টনি ক্রুসের দারুণ ক্রসে একটি সুযোগ আসে। তবে ইডেন হ্যাজার্ডের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন লেদেসমা। ৫৯তম মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে ভালো পজিশন থেকে গোলরক্ষক বরাবর শট নেন ভিনিসিউস। সেটিও হয় ব্যর্থ।
৭৪তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ম্যাচে প্রথম ও খুব ভালো একটি সুযোগ পায় কাদিজ। আলভারো নেগ্রেদোর নেয়া শটটি পোস্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় রিয়াল।
শেষ দিকে বিপজ্জনক পজিশনে ফ্রি কিক পায় রিয়াল। তবে লা লিগায় ৪০০তম ম্যাচ খেলতে নামা বেনজেমা মাইলফলক ছোঁয়ার দিনটাকে রাঙাতে পারেননি। তার শট ঠেকিয়ে দলকে মূল্যবান পয়েন্ট এনে দেন লেদেসমা।
মূল্যবান দুটি পয়েন্ট হারালেও রিয়ালের অপরাজেয় পথচলা বজায় আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রইল তারা। লিগে ১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। চার নম্বরে রায়ো ভাইয়েকানোর পয়েন্ট ৩০। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।