ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অ্যাস্টন ভিলার বর্ষসেরা খেলোয়াড় হলেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ২১ ডিসেম্বর ২০২১
অ্যাস্টন ভিলার বর্ষসেরা খেলোয়াড় হলেন মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজ (ফাইল ছবি)

ভাগ্যের টানে পরিবারকে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্সেনালে এসে দিনের পর দিন অপেক্ষা করেছেন সুযোগের। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও ঠিকমতো সুযোগ না পাওয়ায় আক্ষেপ নিয়েই পাড়ি জমান অ্যাস্টন ভিলায়।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মধ্যম সারির দল ভিলায় যোগ দিয়ে শুরু থেকেই প্রথম একাদশে ছিলেন এমি। দারুণ পারফরম্যান্সে জিতে নেন সমর্থকদের মন। আর তারই ধারাবাহিকতায় এবার ক্লাবটির বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার জিতেছেন তিনি।

আর্সেনালে ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়ে এক মৌসুম আগে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মৌসুমজুড়েই করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। দলটির সমর্থকদের কাছ থেকে পাচ্ছেন ভালোবাসাও।

Advertisement

আর এবার তো অ্যাস্টন ভিলার চলতি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমি। প্রথম মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি ক্লিনশিট রেখেছিলেন তিনি। এরপর দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকাও। এরই মধ্যে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরা গোলরক্ষকদের কাতারে। 

অ্যাস্টন ভিলার সেরা খেলোয়াড় হওয়ার পথে এমি পেছনে ফেলেছেন এজরি কোনসা, মেটেও ক্যাশ ও দগলাস লুইজকে। ৬৩ শতাংশ ভোট পেয়ে দর্শকদের ভোটের এই পুরস্কার জিতেছেন মার্টিনেজ। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জ্যাক গ্রিলিশ। চলতি মৌসুমেই যিনি যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে।

এখন পর্যন্ত অ্যাস্টন ভিলার হয়ে ৫৪ ম্যাচ খেলে ২০টি ক্লিনশিট রেখেছেন এমি। সমর্থকদের ভালোবাসায় শিক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। বলেছেন, আরো কয়েক বছর থাকতে চান অ্যাস্টন ভিলায়।

এমি বলেন, ‘ভিলা ফ্যানস, হোম ও অ্যাওয়ে, আপনারা সবখানে আছেন। ভিলার মতো বড় দলের খেলোয়াড় হওয়ার সিদ্ধান্তটা আমার জন্য খুব সহজ ছিল। আমি এখানে থাকতে ভালোবাসি আরও কয়েক বছরও থাকব। ক্লাব আমাকে খুবই উষ্ণ রেখেছে প্রথম দিন থেকেই। আমি প্রতিদিন পারফরম করে ক্লাবটি প্রতিদান দিতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!