কুয়েতের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওপেনার মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে কুয়েতের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগার যুবারা।
প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ যুব দল। প্রথম ম্যাচে যেখানে থেমেছিল, দ্বিতীয় ম্যাচ যেন সেখান থেকেই শুরু করে টাইগাররা। এ ম্যাচে অলআউট হওয়ার আগে ২৯১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে মির্জা আহমেদের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি।
.png)
তিনে নামা আইচ মোল্লাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মাহফিজুল। সাবধানী শুরু করা ডানহাতি এই ব্যাটসম্যান পরে রানের গতিতে দম দেন। ৮৪ রানের জুটি ভাঙে আইচের বিদায়ে। কট বিহাইন্ড হন তিনি। ফেরেন ৩৯ বলে ৩ চারে ২০ রান করে। দ্বিতীয় উইকেটে ভাঙে ৮৪ রানের পার্টনারশিপ।
এরপর আরিফুল ইসলাম ক্রিজে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ২৪ বলে ২৩ রান করে বিদায় নিতে হয় তাকেও। আরিফুলের আউটের পরেও দলের রানের গতি শ্লথ হতে দেননি মাহফিজুল। অপর প্রান্তে তাকে দারুণ সঙ্গ দেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম।
চতুর্থ উইকেটে দুজনের ৪৪ রানের পার্টনারশিপের এক পর্যায়ে ১০৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন মাহফিজুল। সেঞ্চুরির পর অবশ্য বেশি দূর এগোয়নি মাহফিজুলের ইনিংস। সাজঘরে ফেরার আগে ১১৯ বলের মোকাবেলায় ১১২ রান করেন তিনি।
শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন মেহরাব হোসেন অহীন। ২৪ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ রান করেন তিনি। পঞ্চাশ ওভারের ম্যাচে ৪ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। এর আগে স্কোর বোর্ডে তোলে ২৯১ রান।
কুয়েতের হয়ে আব্দুল সাদিক নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুইটি করে উইকেট হেনরি থমাস ও মুহাম্মদ উমরের। এছাড়া একটি করে নেন মিরাজ আহমেদ ও আব্দুল্লাহ ফারুক।