গত প্রায় এক যুগে ঘরের মাঠে বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে, তার সিংহভাগ ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে। আর তাই আফগানিস্তান সিরিজের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথাই ভাবা হয়েছিল।
কিন্তু ভেতরের খবর, শেষ পর্যন্ত হোম অব ক্রিকেট অর্থাৎ মিরপুরে আফগানিস্তান সিরিজের ম্যাচ নাও হতে পারে। বিষয়টি এখনো অনানুষ্ঠানিক। এখনো সফরসূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে নীতিগতভাবে শেরে বাংলাকে পাশ কাটিয়ে চট্টগ্রাম ও সিলেটে আফগানিস্তানের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
.png)
দেশের মাটিতে যেকোনো সিরিজের জন্য বরাবরই প্রথম পছন্দ মিরপুর। সেটি বাদ দিয়ে চট্টগ্রাম ও সিলেটে খেলতে চাওয়ার খবর কি সত্য? বিসিবি কি আসলেই এমন ভাবছে? এমন খবর চাউর না হলেও গুঞ্জন কিন্তু আছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুসের কথা শুনে অবশ্য মনে হয়েছে গুঞ্জনটা মিথ্যে নয়। ভেতরে ভেতরে এমন চিন্তা আছে বিসিবির। তবে যেহেতু আফগানদের আসতে এখনও প্রায় ২ মাস বাকি, তাই কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
আজ (বৃহস্পতিবার) এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জালাল বলেন, ‘আসলে এখনো কোন কিছুই চূড়ান্ত হয়নি। তবে আমরা খুব করে চাচ্ছি যেনো ভাল উইকেটে খেলা হয়। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট বড় কথা নয়। আমাদের লক্ষ্য ভালো উইকেটে সিরিজ আয়োজন।’
তিনি আরো যোগ করেন, ‘তিন ভেন্যুর মধ্যে যে দুটির উইকেট ভালো থাকবে, সেখানেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে। বিপিএলের সময় সিলেটের উইকেটের আচরণ খুঁটিয়ে দেখা হবে। শেরে বাংলার পিচ নিয়ে আমরা কিউরেটর ও গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসবো। তারপর ঠিক করবো কোন দুই মাঠে খেলা চালানো যায়।’
ভালো উইকেট বলতে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান কী বুঝিয়েছেন? নিশ্চয়ই তা বুঝতে বাকি নেই কারো। আসলে শেরে বাংলার ‘রহস্যজনক’ উইকেটে আফগানদের বিপক্ষে খেলা নিয়ে চিন্তিত বিসিবি। কারণ দুই আফগান স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান এমনিতেই চিন্তার ও ভয়ের কারণ।
তার ওপর যদি শেরে বাংলার পিচ হয় স্লো, লো আর টার্নিং- তাহলে তো আর কথাই নেই। তাই সেই চিন্তা থেকেই শেরে বাংলায় না খেলার চিন্তা। অবশ্য এর পুরোটাই নির্ভর করবে বিপিএলে শেরে বাংলার পিচের আচরণ কেমন থাকে তার ওপর।