ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৩০ ডিসেম্বর ২০২১
ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মধ্যম মানের লক্ষ্য পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখেছে টাইগার যুবারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ১০৩ রানে। 

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করেছিল ভারত। জবাবে ১৪০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। ৩১ বলে ৩১ রানের উদ্বোধনী জুটি এনে দেন মাহফিজুল ইসলাম আর তাহজিবুল ইসলাম। এই জুটিতে অবশ্য পুরো অবদানই মাহফিজুলের। তাহজিবুল আউট হন মাত্র ৩ রানে।

Advertisement

এরপর ২৩ বলে ২৬ রানের ঝড় তুলে মাহফিজুলও সাজঘরের পথ ধরলে আসা যাওয়ার মিছিলে যোগ দেন টাইগার যুবারা। প্রান্তিক নওরোজ নাবিল (১২), আইচ মোল্লা (০), মোহাম্মদ ফাহিম (৫), এসএম মেহরব (৭), আশিকুর জামান (১৫), নাইমুর রহমান (৬)-একে একে সঙ্গী হারাতে থাকেন পাঁচ নম্বরে নামা আরিফুল ইসলাম।

একশর আগেই (৮৭ রানে) ৭ উইকেট হারানো বাংলাদেশ আর জয়ের পেছনে ছুটতে পারেনি। আরিফুল ইসলাম একটা প্রান্ত ধরে রেখে শেষ ব্যাটার হিসেবে ৭৭ বলে ৪২ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক রাকিবুল ইসলামের ব্যাট থেকে আসে ৩২ বলে ১৬ রান।

এর আগে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। শুরু থেকেই দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগার যুবারা। ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট।

বল হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব। যথাক্রমে ১৬ ও ১৫ রানে বিদায় নেন দুই ওপেনার রাঘুভাংশী ও হারনুর। মেহেরবের বলে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন নিশান্ত সিন্ধু। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন শাইক রশিদ।

একপ্রান্ত আগলে রেখে ১০৮ বলে করেন অপরাজিত ৯০ রান। দলকে নিয়ে যান আড়াইশো'র দোরগোড়ায়। রশিদ ছাড়া আর কেউই বলার মত স্কোর গড়তে পারেননি। অন্যান্যদের মধ্যে ভিকি অস্তাল অপরাজিত ২৮* (১৮ বলের মোকাবেলায়), অধিনায়ক ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!