নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সাফল্যের খাতা একেবারেই শূন্য। তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলে সবগুলোতেই হার মেনেছে টাইগাররা। সাদা পোশাকে ৯ ম্যাচে তো লাল-সবুজের প্রতিনিধিদের রীতিমতো বিবর্ণ অবস্থা।
এবার এই হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। এই চ্যালেঞ্জ নেয়ার আগে ‘ভয়ঙ্কর’ অতীতে চোখ রাখতে চাইছেন না টাইগার অধিনায়ক মুমিনুল হক।
.png)
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামী ১লা জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, ‘আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো।’
তিনি আরো বলেন, ‘সবসময় আশাব্যাঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিৎ। নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে ভালো ফলাফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।’
ফলাফল পক্ষে না এলেও নিউজিল্যান্ড বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারের বেশ কিছু দাপুটে পারফরম্যান্স আছে। মুমিনুল বার্তা দিলেন, ১-২ জনের পরিবর্তে এবার জ্বলে উঠতে হবে দল হিসেবে। তিন বিভাগে ভালো করলে নিউজিল্যান্ডে হারের ‘ডেডলক’ ভাঙা অসম্ভব নয়।
মুমিনুল এ বিষয়ে বলেন, ‘আমরা যতগুলো টেস্ট জিতেছি তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরী। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।’