ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঐতিহাসিক জয়ের ম্যাচে না খেলার আফসোস নেই সাকিবের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ৭ জানুয়ারি ২০২২
ঐতিহাসিক জয়ের ম্যাচে না খেলার আফসোস নেই সাকিবের
সাকিব আল হাসান (ফাইল ছবি)

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অবিচ্ছেদ্য এক নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক মঞ্চে দেশের ক্রিকেটের যত বড় বড় সাফল্য ও অর্জন রয়েছে তার সিংহভাগের সঙ্গেই প্রত্যক্ষভাবে তার নাম জড়িয়ে আছে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে অনুপস্থিত ছিলেন টাইগার অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলার পর পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নেন সাকিব। যে কারণে তাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সফরের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইয়ে যখন টাইগাররা ইতিহাস গড়েছে, তখন তা যুক্তরাষ্ট্রে টিভি সেটের সামনে বসে দেখেছেন সাকিব।

তবে ঐতিহাসিক এই ম্যাচে না খেলার জন্য কোনো আফসোস নেই সাকিবের মনে। বিষয়টি জানিয়েছে তিনি নিজেই।

Advertisement

ম্যাচ শেষ হতেই সতীর্থ খেলোয়াড়দের অভিনন্দন জানান সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিন্ন ভিন্ন দুইটি বার্তা দিয়ে দলের সবাইকে শুভেচ্ছা জানান তিনি। কিন্তু মাঠে উপস্থিত না থাকার কোনো আক্ষেপ ছিল সাকিবের?

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাকিব। আজ (শুক্রবার) তিনি মোবাইল ফোন ব্র্যান্ড ওপ্পোর সঙ্গে দুই বছরের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে অবধারিতভাবেই উঠে আসে ক্রিকেটীয় প্রশ্ন।

সেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো থেকে শুরু করে ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা শ্রীলংকা থেকে শততম টেস্ট জিতে আসা, সবগুলোতেই সাকিবের অগ্রণী ভূমিকা ছিল। তাই সাকিবের কাছে প্রশ্ন ছিল, মাউন্ট মঙ্গানুইয়ে থাকতে না পারার কোনো আফসোস আছে কি?

এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না! আফসোস নেই। আমি বরঞ্চ অনেক বেশি খুশি হয়েছি যে আমি ছাড়াও... শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। যেটা গুরুত্বপূর্ণ, আমাদের দলটা খেলছে এবং কেমন করছে। তো সেদিক থেকে আমি খুবই খুশি, খুবই গর্বিত প্রতিটা খেলোয়াড়, প্রতিটা কোচিং স্টাফের ওপর।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!