ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশ নারী দলের দাপুটে শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২২
মালয়েশিয়াকে উড়িয়ে বাংলাদেশ নারী দলের দাপুটে শুরু
বাংলাদেশ নারী দল (ফাইল ছবি)

আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে টাইগ্রেসরা। মালয়েশিয়ান নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

মঙ্গলবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তারা জমা করে মাত্র ৪৯ রান।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট ও ৭২ বল হাতে রেখেই জয় তুলে নেয় নিগার সুলতানার দল। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বাংলাদেশের রুমানার হাতে।

Advertisement

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে মালয়েশিয়া। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। রুমানা ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৪ রান।

৫০ রানের লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন।

পরে দলকে আর বিপদে পড়তে দেননি নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭)। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!