ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘অধিনায়কত্ব আমাকে ভালো খেলতে সাহায্য করে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ২০ জানুয়ারি ২০২২
‘অধিনায়কত্ব আমাকে ভালো খেলতে সাহায্য করে’
মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলেরও টি-২০ ফরম্যাটের অধিনায়ক তিনি। বিপিএল শুরুর আগে রিয়াদ জানিয়েছেন, অধিনায়কত্ব তাকে আরো ভালো খেলতে সাহায্য করে।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তিন অধিনায়ক ও ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল। এই তিনজনকে নিয়েই বিপিএলের এবারের আসরের দল গড়েছে মিনিস্টার ঢাকা।

সুপারস্টারদের নিয়ে গড়া ঢাকাকে একাদশ গড়তে গেলেও উপেক্ষা করতে হবে অনেক তারকাকে। এত তারকাবহুল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চাপ থাকে, থাকে চ্যালেঞ্জও। তবে দুই দিন আগে রিয়াদ জানিয়েছিলেন, বিপিএলের আগে কোনো চাপ অনুভব করছেন না তিনি।

Advertisement

অবশ্য চ্যালেঞ্জের কথা অস্বীকার করতে পারেননি রিয়াদ। তিনি বলেন, ‘আগেও বলেছি, অধিনায়কের দায়িত্ব আমাকে ভালো খেলতে সাহায্য করে, অনুপ্রাণিত করে। আমাদের দলটা তারকাবহুল। অনেক দায়িত্বও থাকবে। যখন খ্যাতি বেশি থাকে তখন তা প্রমাণেরও বিষয় থাকে। এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে।’

বিপিএলের আগে অনুশীলন সেশনগুলোতে রিয়াদকে মারকুটে ব্যাটিংয়ের ভঙ্গিমায় দেখা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুশীলনে কমবেশি সবাই বল বাইরে পাঠিয়েছে (হাসি)। মুশফিক, সাকিব, তামিম সবাই পাঠিয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ৫-৬ এ ব্যাট করতে হয় অনেক সময় রেঞ্জ হিটিংয়ের প্রয়োজন হয়, ওটাই প্র্যাকটিস করেছি।’

এবারের আসরে রাতের ম্যাচে টস ও শিশিরের বড় ভূমিকা থাকার জোর সম্ভাবনা রয়েছে। রিয়াদও তা মেনে বলেছেন, ‘টস সবসময়ই একটা ফ্যাক্টর, কারণ উইকেটের কন্ডিশন সবসময় মানিয়ে নিতে পারেন। কন্ডিশন মানিয়ে নিতে পারলে বোঝা যায় কীভাবে খেলতে হবে। ভালো ক্রিকেট খেলা, ইতিবাচক থাকা জরুরী। ইনশাআল্লাহ্‌ চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, আমার দলের ভালো করার সামর্থ্য আছে।’

তিনি আরো বলেন, ‘ম্যাচ খেলার সময় মাথায় রাখতে হবে উইকেট ভালো হবে। আগে থেকেই যদি চিন্তা করেন উইকেট স্লো থাকবে, আগে থেকেই তাহলে আপনি নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে ঢুকছেন। এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা আমি চাই না, এটা চিন্তাও করি না। সবসময় ইতিবাচকতা নিয়ে মাঠে ঢুকতে চাই। ভালো উইকেট না হলে মানিয়ে নিব ইনশাআল্লাহ্‌।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!