ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো সাউদাম্পটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৫, ২৩ জানুয়ারি ২০২২
ম্যানচেস্টার সিটির জয়রথ থামালো সাউদাম্পটন
ম্যানচেস্টার সিটি দল

মাঠে নামলেই জয়। এমনই অবস্থায় চলছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে এবার তাদের জয়রথ থামালো ‘দ্য সেইন্ট’ খ্যাত সাউদাম্পটন। ​নিজেদের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে গার্দিওলার দলকে।

শনিবার ঘরের মাঠে সপ্তম মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। চমৎকার প্রতি আক্রমণে ওরিয়ল রোমেউর কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কাইল ওয়াকার পিটার্স। প্রিমিয়ার লিগে এই ইংলিশ ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

পিছিয়ে পড়া সিটি মরিয়া হয়ে ওঠে গোলের জন‍্য। প্রতি আক্রমেণ ভীতি ছড়াতে থাকে সাউদাম্পটনও। ২৩তম মিনিটে আবার সিটির জালে বল পাঠায় স্বাগতিকরা। কিন্তু আরমান্দো ব্রোহা অফসাইডে থাকায় গোল মেলেনি।

Advertisement

৩৫তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে রাহিম স্টার্লিংয়ের বাঁকানো শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। দুই মিনিট পর খুব কাছ থেকে তার শট পা দিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন সাউদাম্পটন গোলরক্ষক, ফিরতি শটও ব‍্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে আরো পিছিয়ে পড়তে বসেছিল সিটি। ইয়ান বেডনারেকের হেড কোনোমতে ঠেকিয়ে দেন এদেরসন। তার ভাগ‍্য ভালো ফিরতি বল যায়নি সাউদাম্পটনের কারো কাছে।

৫৪তম মিনিটে একটুর জন‍্য বাড়েনি ব‍্যবধান। কর্নার থেকে ব্রোহার হেড ফেরে পোস্টে লেগে। খুব কাছ থেকে ফিরতি বলে শট লক্ষ‍্যে রাখতে পারেননি বেডনারেক।

৫৯তম মিনিটে বের্নার্দো সিলভার দূরপাল্লার শট ছুঁয়ে যায় ক্রসবার, সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয় সিটির। পাঁচ মিনিট পর দলকে সমতায় আনে লাপোর্ত। কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে ছুটে গিয়ে চমৎকার হেডে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ ডিফেন্ডার।

৭০তম মিনিটে এগিয়েও যেতে পারত দলটি। কিন্তু ডি ব্রুইনের শট ব‍্যর্থ হয় পোস্টের বাইরের দিকে লেগে। দুই মিনিট পর গাব্রিয়েল জেসুসের হেডও বাধা পায় পোস্টে।

বাকি সময়ে সাউদাম্পটনকে প্রবল চাপে রাখলেও আর জালের দেখা পায়নি সিটি। ২৩ ম‍্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দলটি। ১২ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে থাকা লিভারপুল দুই ম‍্যাচ কম খেলেছে। ২২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছেসাউদাম্পটন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!