ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দলের ঘোলাটে অবস্থা নিয়ে একজনের দিকেই আঙুল তুললেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ৩০ জানুয়ারি ২০২২
দলের ঘোলাটে অবস্থা নিয়ে একজনের দিকেই আঙুল তুললেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব নিয়ে চলছে যারপরনাই নাটক। এমতাবস্থায় দলের চলমান ঘোলাটে অবস্থার দায় সরাসরি একজনের ওপরই চাপিয়েছেন অধিনায়কত্ব হারানো জাতীয় দলের তারকা বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এবারের আসরে শুরু থেকেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। আসরের প্রথম চার ম্যাচে খুব একটা খারাপ করেননি তিনি। তবে এরপরও শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের কিছু সময় আগে হুট করেই মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এরপর আজ (রোববার) মিরাজ বলেন, তিনি আর বিপিএল খেলবেন না। আজ বিকালেই তিনি ঢাকায় ফিরছেন। কিন্তু মিরাজের আজ চট্টগ্রাম থেকে ফেরা হয়নি।

Advertisement

পূর্ব ঘোষণা অনুযায়ী, মিরাজের ফ্লাইট ছিল বিকাল সাড়ে ৫টায়। নির্দিষ্ট সময়ের আগেই মিরাজ তার স্ত্রী-সন্তানসহ ঢাকায় ফেরার জন্য টিম হোটেল ছেড়ে নিচে নামেন। তবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা তখন তাকে আবার হোটেলে ফিরিয়ে নিয়ে যান।

এমন সময় ক্ষোভের সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মিরাজ বলতে থাকেন, আমাদের মালিকপক্ষ খুব ভালো। তারা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই। ইয়াসিরই (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও) মূল কালপ্রিট। ইয়াসির দলে থাকলে আমি খেলব না।

উল্লেখ্য, মিরাজকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে মিডিয়ার সঙ্গে আগের দিন কথা বলেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইয়াসির আলম। তার দাবি ছিল, দল ছেড়ে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু নিক্সনের বিদায়ী সভায় এ রকম কিছুই ইংলিশ কোচকে বলতে শোনেননি বলেও জানান মিরাজ। আজ সাংবাদিকদের সামনে দিয়ে হোটেলে প্রবেশ করলেও এসব বিষয়ে টু শব্দটি করেননি ইয়াসির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!