ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২২
দুই নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা
নিউজিল্যান্ড দল

দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে দুই নতুন মুখ- উইকেটরক্ষক ক্যাম ফ্লেচার ও পেসার ব্লেয়ার টিকনার। ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মত টেস্ট দলে সুযোগ পান ফ্লেচার ও টিকনার।

জাতীয় দলের হয়ে টি-২০ খেলার অভিজ্ঞতা আছে টিকনারের। এছাড়া দলে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ড।

Advertisement

কনুইয়ের ইনজুরির কারনে আসন্ন সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন খেলওতে না পারায় দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। প্রথম টেস্টে থাকছেন না পেসার ট্রেন্ট বোল্ট। তৃতীয়বারের মত বাবা হবেন তিনি।

নিয়মিত উইকেটরক্ষক টম ব্লান্ডেলের ব্যাক-আপ হিসেবে দলে সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী ফ্লেচার। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের চলতি আসরে ক্যান্টারবুরির হয়ে খেলা এ ব্যাটার ৪ ম্যাচে সর্বোচ্চ ৩৪৪ রান করেন।

৬৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৬টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিসহ ৩১৫৯ রান আছে ফ্লেচারের।

অন্যদিকে ২০১৯ সালে টি-২০ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের পর গেল বছরে বাংলাদেশ সফরে সর্বশেষ টি-২০ খেলেছেন টিকনার। চলতি আসরে সেন্ট্রাল ডিসট্রিক্টসের হয়ে ৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।

সাত বছর পর টেস্ট দলে ফিরলেন ওপেনার রাদারফোর্ড। ২০১৩ সালে অভিষেকের পর দেশের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৭৫৫ রান করেছেন এই ব্যাটার। অভিষেক টেস্টে ডানেডিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের দুর্দান্ত  ইনিংস খেলেছিলেন রাদারফোর্ড।

পায়ের ইনজুরিতে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন অলরাউন্ডার ডি গ্র্যান্ডহোম। জৈব-সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে গত বছর ভারতের বিপক্ষে টেস্টে খেলেননি তিনি। এমনকি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন গ্র্যান্ডহোম।

গেল বছর সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গ্র্যান্ডহোম। এখন পর্যন্ত ২৬ টেস্টে ১২০৭ রান ও ৪৭ উইকেট নিয়েছেন তিনি।

আগামী ১৭ ও ২৫ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দু’টি টেস্ট শুরু হবে।

প্রথম টেস্টের জন্য নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ক্যাম ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার, নিল ওয়াগনার, উইল ইয়াং।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!