ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আউট না করেও হিরো নেপালের আসিফ শেখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২
আউট না করেও হিরো নেপালের আসিফ শেখ
আউট না করেও হিরো নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ

ওমানে চার দেশের টি-২০ টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে নেপাল। ম্যাচ হেরে যাওয়ার শঙ্কা ভর করে আছে। হাতে রান আউট করার সুযোগ পেয়েছেন। কিন্তু আউট করলেন না নেপালের উইকেটরক্ষক আসিফ শেখ। আর এতেই ভিলেন না হয়ে হিরো হয়েছেন নেপালের এ ক্রিকেটার।

এ দিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড।  ১৮ ওভার শেষে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ১১৩। এমন সময় ১৮তম ওভারে কমল সিংয়ের বলে বড় শট খেলার চেষ্টা করেন আয়ারল্যান্ডের মার্ক আডায়ার। তবে বল ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। ব্যাটে লেগে বল পিচের পাশেই গড়িয়ে যায়। বোলার দৌড় লাগান বল ধরার জন্য। 

দুই ব্যাটার দ্রুত এক রান নেয়ার চেষ্টা করেন। তবে নন-স্ট্রাইকার ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে বোলারের। ম্যাকব্রায়ান পড়ে যান। ইচ্ছেকৃত ধাক্কা অবশ্য ছিল না। 

Advertisement

তবে ব্যাটার উঠে দাঁড়িয়ে পুনরায় দৌড় শুরু করার আগেই বোলার কমল সিং বল ছুড়ে দেন উইকেটকিপারের হাতে। 

ম্যাকব্রায়ান বুঝে যান, রান সম্পূর্ণ করা সম্ভব নয় তার পক্ষে। অর্থাৎ এক্ষেত্রে রান-আউট হয়ে সাজঘরে ফেরাই তার নিয়তি।

যদিও আসিফ এক্ষেত্রে ম্যাকব্রায়ানকে রান-আউট করার সহজ সুযোগ থাকা সত্ত্বেও বল স্টাম্পে লাগাননি। বোলারের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটার পড়ে গিয়েছিলেন বলেই তিনি আউট করেননি ম্যাকব্রায়ানকে। 

এমন ঘটনায় সারাবিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন আসিফ।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!