টানা ছয় ম্যাচ গোলের দেখা না পাওয়ায় সম্প্রতি বেশ সমালোচনার শিকার হতে হয়েছে পর্তুগিজ তারকাকে। তবে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হলে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে তার ঝলকে এগিয়ে যায় ইউনাইটেড।
এ সময় স্কট ম্যাকটমিনের পাস ধরে একটু এগিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নেন রোনালদো। এরপর বক্সের ঠিক সামনে তার ডান পায়ের বাঁকানো শটে খুঁজে নেয় জাল। নতুন বছরে এই প্রথম গোল পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
.png)
গোল হজম করার ঠিক তিন মিনিট পরে আরো একটি ধাক্কা খায় ব্রাইটন। এ সময় তাদের লুইস ডাঙ্ক লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় ব্রাইটন। দশজন নিয়েও তারা ম্যান ইউর সঙ্গে লড়াই চালিয়ে যায়।
এর মধ্যে শেষ মুহূর্তে (৯০+৭) আরও একটি গোল হজম করে বসে তারা। এ সময় ব্রুনো ফার্নান্দেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাকে গোলে সহায়তা করেন পল পগবা। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার দলটি।
এ জয়ের ফলে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।