আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সভা শেষে অ্যাগুয়েরো নিজেই এই ইঙ্গিত দিয়েছেন।
শারিরীক অসুস্থতার কারণে ৩৩ বছর বয়সী অ্যাগুয়েরো ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ৪০০-র বেশি গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড।
.png)
অ্যাগুয়েরো জানিয়েছেন এএফএ’র সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাগুয়েরো।
টিওয়াইসি স্পোর্টসকে এ সম্পর্কে অ্যাগুয়েরো বলেছেন, তাপিয়ার সঙ্গে আমার আলোচনা বেশ সফল হয়েছে। আমরা এখনো মূল ভূমিকা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছিনা না। কিন্তু আশা করছি বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে আমি থাকবো।
তিনি আরো বলেন, আমি খেলোয়াড়দের সঙ্গে সময় অতিবাহিত করতে চাই। দলের প্রত্যেকের সঙ্গেই আমার সুসম্পর্ক আছে। আমি তাদের সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে চাই। যেকোন ভাবেই হোক জাতীয় দলকে সহযোগিতা করাই আমার মূল লক্ষ্য।
আর্জেন্টিনার জার্সি গায়ে ১০১ ম্যাচে ৪১ গোল করেছে অ্যাগুয়েরো। তিনটি বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে শিরোপা জয়ী দলের সদস্যও ছিলেন। ২৮ বছরের মধ্যে এই প্রথম আর্জেন্টিনা বড় কোন শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা ব্রাজিলের থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে আর্জেন্টিনা এরই মধ্যে কাতারের টিকিট নিশ্চিত করেছে।