ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো ম্যান সিটিতে ফিরছেন অ্যাগুয়েরো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ৭ জানুয়ারি ২০২২
আবারো ম্যান সিটিতে ফিরছেন অ্যাগুয়েরো!
সার্জিও অ্যাগুয়েরো

বয়স মধ্য ত্রিশ পেরিয়ে গেলেও এখনো বহাল তবিয়তে ইউরোপের বড় লিগগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জলাতান ইব্রাহিমোভিচরা। কিন্তু সেটা করতে পারেননি সার্জিও অ্যাগুয়েরো। তার অগ্রযাত্রায় বাধা দাঁড়িয়েছে হৃদরোগ। যে কারণে বাধ্য হয়ে ফুটবল ক্যারিয়ার শেষের ঘোষণা দিতে হয়েছে তাকে।

তবে বুটজোড়া তুলে রাখলেও প্রিয় খেলা ফুটবলকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না অ্যাগুয়েরো। গুঞ্জন চলছে, তিনি আবারো ফিরতে পারেন ম্যানচেস্টার সিটিতে। তবে এবার ক্লাবটিতে গেলে তার ভূমিকাটা বদলে যাবে। ইংলিশ দলটি মূলত দূত হিসেবে পেতে চাইছে অ্যাগুয়েরোকে।  

গত মৌসুমে ক্লাবের ইতিহাসের সেরা এই গোলদাতার সঙ্গে সিটির চুক্তি শেষ হয়ে যায়। এরপর বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অ্যাগুয়েরো। নতুন গন্তব্যে অবশ্য খুব একটা খেলতে পারেননি তিনি। শুরুতে চোট ছিল তার। আর সেটা কাটিয়ে যখন মাঠে ফিরলেন, তখনই এই হৃদরোগের হানা। যে কারণে ক্যারিয়ারটাই গেল থমকে।

Advertisement

ঘোষণাটা অবশ্য বেশ আবেগি একটা পরিবেশেই এসেছিল। ন্যু ক্যাম্পে বড় এক আয়োজন করেছিল বার্সা। সেখানে সিটি কোচ পেপ গার্দিওলাও উপস্থিত ছিলেন। সেখানেই বলেছেন বিদায়। এরপর অ্যাগুয়েরো ফিরেছেন আর্জেন্টিনায়। সেখানে এখন পরিবারকে সময় দিচ্ছেন তিনি।

সেই অ্যাগুয়েরোকেই ক্লাবে ফেরাতে চায় সিটি। নতুন এক ভূমিকায় হলেও দলের এই কিংবদন্তিকে তারা ক্লাবে ধরে রাখতে চায়। সিটি অবশ্য তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে অন্যভাবেও ক্লাবে ধরে রেখেছে। তার প্রায় এক দশক দীর্ঘ সিটি ক্যারিয়ারকে সম্মান জানাতে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে বানিয়েছে অ্যাগুয়েরোর বিশাল একটা ভাস্কর্য।

সিটির এই প্রস্তাব যদি অ্যাগুয়েরো মেনে নেন তাহলে পূর্বসূরি জোলেন লেসকট, মিকা রিচার্ডস, শন রাইট-ফিলিপসের পদাঙ্ক অনুসরণ করবেন তিনি। সিটির এই সাবেক খেলোয়াড়দের সবাই খেলোয়াড়ি জীবন শেষে ভিন্ন ভূমিকা নিয়ে ক্লাবে ফিরে এসেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!