টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই ম্যাচে অপরিবর্তিত একাদশেই নামছে বাংলাদেশ দল।
তবে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আফগানিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। সুযোগ পেয়েছেন গুলবাদিন নাইব, বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক।
.png)
টসের সময় তামিম জানান, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।
সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।