রুটের আচরণ ‘অসম্মানজনক’: ব্র্যাথওয়েট
ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজের দলনেতা ক্রেইগ ব্র্যাথওয়েট। গতরাতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ড্র’তে শেষ হয়।
ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষ হবার ৫ বল আগে ম্যাচটি ড্র মেনে নেন ইংল্যান্ডের রুট। রুটের এমন সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ মনে করছেন ব্র্যাথওয়েট।
কারণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানান, টেস্ট ক্রিকেটের নিয়মের মধ্যেই আছে, ম্যাচের শেষ দিন যদি ফল আসার সম্ভাবনা না থাকে, তবে শেষ সেশনের শেষ ঘণ্টা শুরুর সময় দুই দলের অধিনায়ক মিলে ড্র মেনে নেন। কিন্তু গতরাতে তেমনটা করেননি রুট। মাত্র ৫ বল আগে ড্র মেনে নেন রুট।
অ্যান্টিগায় ম্যাচ জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ ওভারে ২৮৬ রানের টার্গেট দিয়েছিলো ইংল্যান্ড। কিন্তু ৭০ দশমিক ১ ওভার খেলার হবার পর ম্যাচটি ড্র মেনে নেন ইংলিশ অধিনায়ক রুট।
রুটের এমন আচরণ ভালো লাগেনি ব্র্যাথওয়েটের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘কিছুটা অপমানজনক ছিল এটি।’
পরে বিটিআই স্পোটর্সকে ব্র্যাথওয়েট বলেন, আমি যদি ওয়েস্ট ইন্ডিজ ড্রেসিংরুমের কোন সিনিয়র খেলোয়াড় হতাম, তাহলে আমার কাছে অপমানজনক মনে হতো। শেষ ঘণ্টায় দুজন সেট ব্যাটার ছিল, উইকেটেও তেমন সাহায্য ছিল না। তবু তারা ৬ উইকেট শিকারের লক্ষ্য নিয়ে শেষ ওভারের পাঁচ বল আগ পর্যন্ত খেলা নিয়েছে।
তিনি আরো বলেন, ইংল্যান্ড কি এটি অ্যাশেজ সিরিজে এমন করতে পারতো? এটি কি তারা ভারত-নিউজিল্যান্ড-পাকিস্তানের সাথে করতো? আমার মনে হয়, উত্তর হলো- না। তবে কেন তারা আমাদের সঙ্গে এমনটা করলো?
তাই শেষ দুই টেস্টে ভালো ফল করে ওয়েস্ট ইন্ডিজকে সেরা দল হিসেবে তুলে ধরার প্রত্যয় ব্র্যাথওয়েটের। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজকে আমরা যতটা মূল্যায়ন করি তার চেয়ে ভালো দল। বিশেষ করে ম্যাচের শেষ অংশটা তাই প্রমাণ করে। এখন আরও দুই ম্যাচ আছে এটি প্রমাণের জন্য যে, আমরা ইংল্যান্ডের চেয়ে ভালো দল।
আগামী ১৬ মার্চ ব্রিজটাউনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।