মৌসুম শুরুর আগেই ইনজুরিতে চেম্বারলেইন
ইংলিশ উইঙ্গার অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন প্রাক-মৌসুম প্রস্তুতিতে গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার গত ১৫ জুলাই সিঙ্গাপুরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন। এছাড়া ক্লপ আরো জানিয়েছেন, গোলরক্ষক কায়োমিন কেলেগহারের ফিটনেস ফিরে পেতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
ক্লপ বলেন, চেম্বারলেইনের এই মুহূর্তে মাঠে নামা হচ্ছে না। যে ধরণের ইনজুরিতে সে পড়েছে তা দীর্ঘমেয়াদী হবার সম্ভাবনাই বেশী। হ্যামস্ট্রিং শব্দটি আমরা সবাই এড়িয়ে চলতে চাই। এই ধরনের ইনজুরি আমাদের কখনই ভাল লাগে না। কিন্তু চেম্বারলেইনের দূর্ভাগ্য, মৌসুম শুরুর আগেই তার এই ইনজুরিতে পড়তে হলো।
.png)
২০১৮ সালে আর্সেনাল থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন অক্সালেড-চেম্বারলেইন। এর মধ্যে ২০১৮ সালে হাঁটুর ইনজুরির কারনে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন।
এদিকে জুনে আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় অনির্দিষ্ট ইনজুরির কারনে মাঠের বাইরে চলে গেছেন গোলরক্ষক কেলেহার।
এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচের পর কেলেহার কিছুটা অস্বস্তি বোধ করছে। মেডিকেল বিভাগ ইতোমধ্যেই তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। আশা করছি ছুটি কাটিয়ে নতুন মৌসুমে সে মাঠে ফিরতে পারবে। ইতোমধ্যেই সে অনুশীলনে ফিরেছিল। কিন্তু খুব একটা সুস্থ অনুভব করছিল না। ধারনা করা হচ্ছে পুরোপুরি ফিট হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।’