ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফিফ-বিজয়ের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ১০ আগস্ট ২০২২
আফিফ-বিজয়ের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
এনামুল হক বিজয়

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ানো টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ না হওয়া। এমন ম্যাচে আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল।

নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৫৬ রান।

জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশের স্বাদ কেমন, তা হয়তো ভুলেই গিয়েছিল বাংলাদেশ। তবে দীর্ঘ ২১ বছর পর এরকম লজ্জাজনক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে টাইগাররা। এমন ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। দুজনই করেন সাবধানী শুরু। প্রথম ৮ ওভার তারা কাটিয়ে দেন কোনো বিপদ ছাড়াই। তবে নবম ওভারে বাধে বিপত্তি।

এনগারাভার করা ওভারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন তামিম। এর আগে ৩০ বলের মোকাবেলায় টাইগার অধিনায়ক করেন ১৯ রান। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম যেন দলের বিপদ বাড়ানোর দায়িত্ব নিয়েই মাঠে নামেন।

শান্ত ও মুশফিক দুজনই রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। শান্ত প্রথম বলেই সহজ ক্যাচ তুলে দেন, মুশফিক টিকে ছিলেন তিন বল। দুজনকেই আউট করেন ক্রিস ইভান্স।

এমতাবস্থায় দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। এর মাঝে বিজয় পান অর্ধশতকের দেখা। ৭১ বলে ৭৬ রান করে তিনি ফিরলে ভাঙে দুজনের ৭৭ রানের জুটি।

বাংলাদেশ দলকে এরপর টেনে নেন রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। রিয়াদ এদিন অনেক বেশি ধীর ছিলেন। ৬৯ বলে ৩৯ রানে ফেরেন তিনি। তার বিদায়ের পর আর কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি।

অন্যদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন আফিফ। শেষ পর্যন্ত ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। 

জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ও লুক জঙ্গে দুটি এবং এনগারাভা ও রাজা একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!