ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন র‍্যাটক্লিফ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১৮ আগস্ট ২০২২
ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছেন র‍্যাটক্লিফ!
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকটা মজা করেই বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনে নেয়ার কথা লিখেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে তার মতো মজা করে নয়, বাস্তবেই ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ ধনকুবের জিম র‍্যাটক্লিফ।

খেলাধুলাভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এছাড়া র‍্যাটক্লিফের মুখপাত্র দ্য টাইমস পত্রিকাতেও এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

দ্য টাইমস পত্রিকায় বলা হয়েছে, ‘যদি ইউনাইটেড ক্লাবটিকে বিক্রির জন্য তোলা হয় তাহলে অবশ্যই র‍্যাটক্লিফ একজন সম্ভাব্য ক্রেতা। যদি এমন কিছু সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দীর্ঘমেয়াদি মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করছি।’

Advertisement

এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় থাকা গ্লেজার্স পরিবার ক্লাবটির একটি অংশ বিক্রি করতে চায়। এ খবর দেখেই মূলত নিজের আগ্রহের কথা জানিয়েছেন জিম র‍্যাটক্লিফ।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ ব্যর্থতার মধ্যে রয়েছে ইউনাইটেড। ২০১৩ সালের পর আর প্রিমিয়ার লিগ জিততে পারেনি তারা। এমনকি গত পাঁচ বছরে কোনো শিরোপাই যোগ হয়নি তাদের ট্রফি কেবিনেটে। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না ক্লাবটি।

স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্সের পর ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়েছে মালিকপক্ষ। বিশেষ করে দলের চাহিদামতো বিনিয়োগে অপারগতা প্রকাশ করায় তাদের ওপর অসন্তুষ্ট সমর্থকরা। এর মাঝে ক্লাবের ঋণও বেড়ে গেছে ১১ শতাংশ।

এসবের পাশাপাশি ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ডের মানোন্নয়নে নজর না দেওয়ার কারণেও সমালোচিত গ্লেজার্স পরিবার। তাই সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন নতুন মালিকের হাতে ভিন্নভাবে এগোবে ক্লাবটি।

ইউনাইটেডকে কিনতে আগ্রহ প্রকাশ করা জিম র‍্যাটক্লিফ মূলত ইনিয়োস নামের একটি পেট্রোকেমিক্যাল কোম্পানির মালিক। চলতি বছরের শুরুতে চেলসিকে কিনে নেওয়ার জন্যও বিড করেছিলেন তিনি। কিন্তু ৪.২৫ বিলিয়ন বিড করেও কিনতে পারেননি তিনি।

তবে র‍্যাটক্লিফ নিজে ম্যানচেস্টারের বাসিন্দা এবং ক্লাবটির দীর্ঘদিনের সমর্থক। তাই এবার পরিস্থিতির উদ্ভব ঘটায় ক্লাবটি কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করলেন তিনি। শুধু তাই নয়, ইউনাইটেডকে ঘিরে তার বেশ কিছু পরিকল্পনাও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!