ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পুরনো বন্ধু রোনালদোর কাছে যাবেন ক্যাসেমিরো!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১৯ আগস্ট ২০২২
পুরনো বন্ধু রোনালদোর কাছে যাবেন ক্যাসেমিরো!
ছবি: সংগৃহীত

সবশেষ মৌসুমে রেকর্ড ১৪তম বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। একই মৌসুমে জিতেছে রেকর্ড ৩৫তম লিগ শিরোপাও। দুই শিরোপা জয়ের পথে দলে বড় ভূমিকা রেখেছিলেন ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার এবার পুরনো ডেরা ছেড়ে যাচ্ছেন নতুন ঠিকানায়, বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে।

অর্থাৎ, ক্যাসেমিরোর নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড! দিন দুয়েক আগে ইউনাইটেডের প্রতিনিধি দলকে মাদ্রিদে দেখা গিয়েছিল। তখনই তাকে ইউনাইটেডে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইএসপিএন জানিয়েছে, ইউনাইটেডের এই প্রস্তাব নিয়ে ভালোভাবেই ভাবছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার। 

সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহ শেষের আগেই সিদ্ধান্ত নিতে চান ক্যাসেমিরো। তারই অংশ হিসেবে এই বিষয়ে গত বুধবার সন্ধ্যায় ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদের কথা হয়েছে। এবার ক্যাসেমিরো কথা বলবেন কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে।

Advertisement

গেল মৌসুমে দারুণ পারফর্ম করলেও ক্যাসেমিরোর এই মৌসুমে দলে জায়গা পড়ে গেছে অনিশ্চয়তায়। চলতি দলবদলেই রিয়াল দলে ভিড়িয়েছে ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনিকে। আলমেরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ক্যাসেমিরোর জায়গায় চুয়ামেনিই খেলেছেন রিয়ালের হয়ে।

এখানেই শেষ নয়, একই ভূমিকার আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও আছেন দলে। সব মিলিয়ে নিজের জায়গা নিয়ে সন্দেহে আছেন ক্যাসেমিরো। এখন পর্যন্ত অবশ্য কোচ কার্লো আনচেলোত্তির চাওয়া এই মৌসুমেও বার্নাব্যুতেই থাকবেন ক্যাসেমিরো।

তবে ক্যাসেমিরো যদি চলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তাহলে তাতে কোনো বাধা দেবেন না আনচেলত্তি। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে কথা হয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড।

রিয়ালের কাছের সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, রেড ডেভিলরা যদি ৬২৭ কোটি টাকার প্রস্তাব দেয় তাহলে রিয়ালের পক্ষ থেকেও কোনো আপত্তি থাকবে না।

রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্যাসেমিরো। দলটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত তার চুক্তি বলবত আছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!