মূলত বার্সা ভক্তদের ছবি, অটোগ্রাফের আবদার মেটাতে গিয়ে লেভানদোভস্কির ৬৮ লাখ টাকার ঘড়ি চুরি হয়ে গেছে। ঘটনাটা গতকাল বৃহস্পতিবারের। বিকেলের অনুশীলন সেশনে যোগ দিতে নিজে গাড়ি চালিয়ে বার্সেলোনার অনুশীলন মাঠ সিউদাদ এস্পর্তিভা হোয়ান গাম্পারে এসেছিলেন লেভা।
সে সময় লেভানদোভস্কির জন্য ভক্তরা সান্ত হোয়ান দেসপি নামক জায়গাটায় অপেক্ষা করছিলেন। গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করে ছবি তুলছিলেন তিনি। তখনই ঘটে ঘটনাটা। লেভানদোভস্কিকে অবাক করে দিয়ে সেই ভিড়ের একজন লেভার গাড়ির পেছনের দরজা খুলে ফেলেন।
.png)
এ সময় ৭০০০০ ইউরো বা ৬৮ লাখ টাকা দামের ঘড়িটি চুরি করে পালান সেই চোর। লেভা তা দেখেই সোজা গাড়ি থেকে বেরিয়ে ধাওয়া করতে শুরু করেন। তবে শেষমেশ চোরের গতির কাছে হার মানেন তিনি। সঙ্গে সঙ্গেই এই ফরোয়ার্ড ঘটনাটা পুলিশকে জানান।
লেভার বিবরণ শুনে পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে, পেয়েছে তার খোয়া যাওয়া ঘড়িটাও। শুরুর দিকে অবশ্য বলা হচ্ছিল লেভানদোভস্কির ফোন চুরি হয়েছে। তবে পরে জানা যায় ফোন নয়, আসলে চুরি গেছে তার ঘড়ি।
এই চুরির কারণে অবশ্য লেভা অনুশীলন বন্ধ রাখেননি। স্বাভাবিক সূচি মেনেই তিনি করেছেন অনুশীলন। আগামী রোববার দল খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, সেই ম্যাচের প্রস্তুতি নিয়েছেন তিনি।
সিউদাদ এস্পর্তিভায় অবশ্য এবারই প্রথম এমন ঘটনা ঘটেনি। এর আগে ভক্তদের ফ্রেঙ্কি ডি ইয়ংকে অপমান করার ঘটনাও ঘটেছে বার্সেলোনার অনুশীলন মাঠের বাইরে। যে কারণে কর্তৃপক্ষ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও ভাবছিল।